Shubman Gill: শতরানে তৃপ্তি শুভমানের, কিন্তু লাল বলের ব্যাটিংয়ে চিন্তামুক্ত নন গিল
Shubman Gill: শুভমান গিল রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে শতরান হাঁকিয়েছেন। তবে পাঞ্জাব ইনিংস হারের সম্মুখীন হয়েছে।
শতরান পেলেও লাল বলে নিজের ব্যাটিং নিয়ে চিন্তামুক্ত হতে পারছেন না গিল। তিনি বাংলার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলবেন কিনা সেটাও এখনও স্পষ্ট নয়।

৩০ জানুয়ারি থেকে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা শুরু হচ্ছে। বিরাট কোহলি ভারতের ওডিআই দলে থাকলেও রঞ্জির পরবর্তী রাউন্ডে খেলতেই পারেন। সেক্ষেত্রে শুভমানের খেলার পথও খোলা। যদিও পাঞ্জাব ইতিমধ্যেই বিদায় নিয়েছে। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের আগে গিল সাদা বলে প্রস্তুতি নিতেই পারেন।
জুনে ভারতের ইংল্যান্ড সফর। অস্ট্রেলিয়ায় প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন শুভমান। তিনি গতকাল স্বীকার করে নিয়েছেন, লাল বলে ব্যাটিং নিয়ে চিন্তা থাকছে। কারণ, ভালো শুরুর পরেও ফোকাস ঠিক থাকছে না। মনঃসংযোগেও ব্যাঘাত ঘটছে।
শুভমানের কথায়, লাল বলের ক্রিকেটে ভালোভাবে শুরু করছি। কিন্তু ২৫-৩০ রান করার পরেই ক্রমাগত নিজের উপর চাপ বাড়ছে। বড় রান পাওয়ার চাপ। যদিও আমি এতদিন যেভাবে খেলে এসেছি তখন এই পরিস্থিতির মুখোমুখি হতাম না।
শুভমান বলেন, ব্যাটিংয়ের সময় এমন পরিস্থিতিতে নিজেকে এনে ফেলছি যে মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে যে, আমি যেহেতু ক্রিজে থিতু হয়ে গিয়েছি, ফল বড় রান পেতেই হবে। এতে নিজেই নিজের উপর চাপ তৈরি করে ফেলছি। আর এই গুরুত্বপূর্ণ সময়গুলিতেই আমি ফোকাস, মনঃসংযোগ হারাচ্ছি।
শুভমান অস্ট্রেলিয়ায় ১৬৩ বল খেলেছেন পাঁচ ইনিংস মিলিয়ে। সেখানে কর্ণাটক ম্যাচে তিনি ৫০ করেছেন ১১৯ বলে। গিলের কথায়, যে কোনও পর্যায়েই ক্রিকেটে কোনও ইনিংসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রান পাওয়া, ফর্মে ফেরা। এর চেয়ে বড় ভালো অনুভূতি কিছু হতে পারে না।
গিল চান, ভালো খেলার সময় যে জোনে থাকি, সব সময়ই চাই সেখানেই থাকতে। ব্যাটিং করি সেই লক্ষ্য নিয়েই। কর্ণাটকের বিরুদ্ধে তেমনই ইনিংস খেলে তৃপ্তি বোধ করছি। কর্ণাটকের বোলাররা প্রথম দিকে ভালো বোলিং করছিলেন, তখন দেখেশুনে খেলেছি। সামগ্রিকভাবে যে ইনিংস খেলেছি তাতে খুশি। উল্লেখ্য, গিল গতকাল প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪তম শতরান পেলেন। ১৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ১৭১ বলে ১০২।












Click it and Unblock the Notifications