IPL 2023: আইপিএলে নেই শ্রেয়স আইয়ার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও খেলতে পারবেন না
আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। ফলে নিশ্চিতভাবেই বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের অধিনায়ককে নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানায়নি বিসিসিআই। শ্রেয়সও নিজে কিছু জানাননি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও শ্রেয়স খেলতে পারবেন না।

শ্রেয়সের চোট গুরুতর
আমেদাবাদ টেস্ট চলাকালীনই লোয়ার ব্যাক বা কোমরের কাছাকাছি অঞ্চলে যন্ত্রণা অনুভব করতে থাকেন শ্রেয়স। নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি। চোটের কারণে রিহ্যাবের জন্য গিয়েছিলেন বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। দিল্লি টেস্টে দলে ফেরেন। কিন্তু ফের চোটের কবলে পড়েন। এনসিএ-এ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেও ঘনঘন ক্রিকেটাররা কেন চোট-আঘাতের সমস্যায় ভুগছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অপারেশন হবে
জানা যাচ্ছে, শ্রেয়সের লোয়ার ব্যাকের এই চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন মুম্বইয়ের চিকিৎসক অভয় নেনে। এই চিকিৎসককে যখন তৃতীয়বার দেখাতে যান তখনই সেই পরামর্শ দেওয়া হয়েছে। শ্রেয়সের অপারেশন লন্ডনে হবে, নাকি ভারতেরই কোনও হাসপাতালে হবে তা এখনও স্পষ্ট নয়। যেটাই হোক তা হবে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পরামর্শ মেনেই। আর তাতেই নিশ্চিত হয়ে গিয়েছে শ্রেয়স আইপিএল তো বটেই, জুনে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলতে পারবেন না।

মাঠের বাইরে ৪-৫ মাস
শ্রেয়সকে চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে। ফলে অপারেশনের জন্য খুব দেরিও করা হবে না। কেন না, অক্টোবরের শুরুতেই দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। শ্রেয়সের না থাকায় চার নম্বর ব্যাটিং পজিশন ভারতীয় দল যে অস্বস্তিতে রয়েছে তা স্পষ্ট হয়েছে হেড কোচ রাহুল দ্রাবিড়ের কথাতেই। যা পরিস্থিতি তাতে শ্রেয়স অগাস্টের আগে মাঠে ফিরতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। অগাস্টে ভারতের ক্যারিবিয়ান সফরে তিনি যেতে পারবেন কিনা তা নির্ভর করবে কতটা দ্রুত তিনি সেরে ওঠেন।

বিশ্বকাপে খেলা নিয়েও অনিশ্চয়তা
বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ রয়েছে। শ্রেয়স যদি ফিট হয়ে ওঠেন তাহলে বিশ্বকাপের আগে এশিয়া কাপেই তাঁকে দেখা যেতে পারে। তবে অপারেশনের পর তাঁর সেরে ওঠার প্রক্রিয়া যদি প্রত্যাশিতভাবে দ্রুততার সঙ্গে না হয়, সেক্ষেত্রে বিশ্বকাপে খেলা নিয়েও অনিশ্চয়তা থাকবে। চোট সারাতে আয়ুর্বেদিক চিকিৎসার দ্বারস্থ হয়েছিলেন শ্রেয়স। কিন্তু লাভ হয়নি। উল্লেখ্য, কাঁধের চোটের কারণে শ্রেয়স ২০২১ সালের টি ২০ বিশ্বকাপেও খেলতে পারেননি।












Click it and Unblock the Notifications