ভারতের টি২০ বিশ্বকাপ দলে কি আদৌ সুযোগ পাবেন শ্রেয়স? কী বলছে বিসিসিআই?
ভারতের টি২০ বিশ্বকাপ দলে কি আদৌ সুযোগ পাবেন শ্রেয়স? কী বলছে বিসিসিআই?
চোটের কারণে কাঁধে অস্ত্রোপচার হওয়া শ্রেয়স আইয়ার এখন আগের থেকে অনেক সুস্থ বলে বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছে। ফের কবে ভারতীয় দলের জার্সি গায়ে তাঁকে বাইশ গজে খেলতে দেখা যাবে, সে সংক্রান্ত তথ্য বোর্ডের এক সূত্র মারফত জানানো হয়েছে। আগামী অক্টোবরে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের আগে শ্রেয়সকে স্বমূর্তিতে দেখা যাবে কিনা, সে সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে।

ভারতের টি২০ বিশ্বকাপের পরিকল্পনায় শ্রেয়স
কাঁধে চোটের কারণে ছিটকে গেলেও শ্রেয়স আইয়ার যে ভারতের টি২০ বিশ্বকাপের পরিকল্পনা থেকে মুছে ফেলা হয়নি, তা বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছে। গত আইপিএল এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে শ্রেয়সের পারফরম্যান্সের কথা মাথায় রেখে নির্বাচকরা তাঁকে দলে নিতে উদগ্রীব বলেও জানানো হয়েছে। তবে ডান হাতি ব্যাটসম্যানকে পুরোপুরি ফিট হতে আরও খানিকটা সময় দিতে হবে বলেও বিসিসিআইয়ের ওই সূত্র মারফত জানানো হয়েছে।

সেপ্টেম্বরেই মাঠে ফিরতে পারেন শ্রেয়স
গত মার্চে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ চলার সময় কাঁধে চোট পেয়ে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। গত এপ্রিলে তাঁর কাঁধে অস্ত্রোপচার হয়েছিল। কর্নাটকে করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায় ডান হাতি ব্যাটসম্যানকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবিলিটেশনের জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই শ্রেয়সের ফিট হওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছে। তবে সেপ্টেম্বরেই শ্রেয়স বাইশ গজে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

শ্রীলঙ্কা সফরে নেই শ্রেয়স
বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলদের ছাড়াই জুলাইতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। দলকে নেতৃত্ব দিতে পারেন হয় শিখর ধাওয়ান, নয় হার্দিক পান্ডিয়া। সেই দলে শ্রেয়স আইয়ারের অন্তর্ভূক্তির কোনও সম্ভাবনা যে নেই, তা স্পষ্ট।

শ্রেয়সের কেরিয়ার
ভারতীয় দলের জার্সিতে ২২টি ওয়ান ডে ও ২৯টি টি২০ ম্যাচ খেলে যথাক্রমে ৮১৩ ও ৫৫০ রান করেছেন শ্রেয়স আইয়ার। ২০১৫ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ৭৯টি ম্যাচ খেলে ২২০০ রান করেছেন ডান হাতি ব্যাটসম্যান। যিনি চোটের কারণে থমকে থাকা আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিতে পারেননি।












Click it and Unblock the Notifications