বেঙ্গালুরুতে বিরাট-কীর্তি স্পর্শ করতে না পারলেও কোন নজিরগুলি গড়়লেন শ্রেয়স আইয়ার?
বেঙ্গালুরু টেস্টেও নিজের স্বপ্নের ফর্ম ধরে রাখলেন শ্রেয়স আইয়ার। আর তাতে ক্রমেই কমছে অজিঙ্ক রাহানের টেস্ট দলে কামব্যাকের সম্ভাবনাও। আজ বেঙ্গালুরুতে কেরিয়ারের চতুর্থ টেস্টে মাত্র ৮ রানের জন্য হাতছাড়া হলো দ্বিতীয় শতরান। সঙ্গীর অভাবে কিছুটা ঝুঁকি নিয়ে খেলতে গিয়ে স্টাম্প আউট হলেন। তবে তাতেও নজির গড়লেন শ্রেয়স আইয়ার।

ভারতের হয়ে এই প্রথম দিন-রাতের টেস্ট দলের প্রথম একাদশে শ্রেয়স আইয়ার। ১৩৪ মিনিট ক্রিজে থেকে ৯৮ বলে ৯২ রানের ইনিংস খেললেন। ব্যাট করতে নেমেছিলেন ৬ নম্বরে। স্ট্রাইক রেট ৯৩.৮৭। শ্রেয়স একদিনের মেজাজে ব্যাট করায় ভারতও প্রাথমিক ধাক্কা সামলে পৌঁছে যায় ২৫২ রানে। প্রথম দিন থেকেই বল ঘুরছে, কোনওটা লাফাচ্ছে, কোনওটা নীচু হচ্ছে। চ্যালেঞ্জিং পিচ, তবে শ্রেয়সের ব্যাটিং দেখে তা বোঝার উপায় নেই। কলকাতা নাইট রাইডার্সের নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়স এদিন ৫০ রান পূর্ণ করেন ৫৪ বলে। তখনও অবধি ৬টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন। অর্ধশতরানও পূর্ণ করেন ছক্কা হাঁকিয়ে। তাঁর ৯২ রানের ইনিংসে রয়েছে ১০টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি।

২০১৯ সালে ভারত প্রথমবার যে গোলাপি বলে দিন-রাতের টেস্টটি খেলেছিল তাতে শতরান পেয়েছিলেন বিরাট কোহলি। কোহলি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটারের দিন-রাতের টেস্টে শতরান নেই। বিরাট ইডেনে খেলেছিলেন ১৩৬ রানের ইনিংস, বাংলাদেশের বিরুদ্ধে। তারপর থেকে তাঁর ব্যাটে চলছে শতরানের খরা। বিরাট ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ৭৪। আজ দিন-রাতের টেস্টে বিরাটের শতরানের কীর্তি স্পর্শের কাছে গিয়েও ফিরতে হলো শ্রেয়সকে।

অ্যাডিলেডে বিরাটের অর্ধশতরানের পাশাপাশি গত বছর আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে রোহিত শর্মা করেছিলেন ৬৬ রান। ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে এদিন শ্রেয়স দিন-রাতের টেস্টে অর্ধশতরান পেলেন। কানপুরে অভিষেক টেস্টে তিনি খেলেছিলেন ১০৫ রানের ইনিংস। আজ ৯২ রানে স্টাম্প আউট হয়েও তিনি একটি রেকর্ডে নিজের নাম লেখালেন। টেস্টে ৯০-এর ঘরে গিয়ে স্টাম্প আউট শ্রেয়স আইয়ারের আগে হয়েছিলেন ভারতের তিন ব্যাটার। ১৯৮৭ সালে চেন্নাই টেস্টে দিলীপ বেঙ্গসরকার পাকিস্তানের বিরুদ্ধে ৯৬ রানে স্টাম্প আউট হন। ২০০১ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সচিন স্টাম্প আউট হন ব্যক্তিগত ৯০ রানে। ২০১০ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে বীরেন্দ্র শেহওয়াগ ৯৯ রানে স্টাম্প আউট হয়েছিলেন। তাঁর পরেই রইল শ্রেয়সের এদিনের আউট।












Click it and Unblock the Notifications