BCCI: বোর্ডের চুক্তি থেকে বাদই পড়লেন ঈশান-শ্রেয়স, বাংলা থেকে তালিকায় আছেন কারা?
ঘোষিত হল বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা। মোট চারটি ক্যাটাগরিতে প্রকাশ করা হয়েছে ক্রিকেটারদের নাম। আশঙ্কাকেই সত্যি করেই বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়ল ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারের নাম। বুধবার সরকারিভাবে ঘোষণা করল বিসিসিআই।
ডিসেম্বর মাসে মানসিক অবসাদের কারণে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন ঈশান। এরপর থেকে বিগত কয়েক মাসে ঈশানকে নিয়ে কম জলঘোলা হয়নি। ঈশান কিষাণেরর কেন্দ্রীয় চুক্তির উপরেও একটা বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছিল। শোনা গিয়েছিল বিসিসিআই এবার ঈশানকে বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই আশঙ্কাই সত্যি হল। ঈশানের সঙ্গে বাদ পড়লেন শ্রেয়স আইয়ারও।

বুধবার বোর্ডের পক্ষ থেকে ২০২৩-২৪ মরশুমের জন্য(১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪) বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় গ্রেড এ প্লাস শ্রেণিতে রয়েছেন চার জন। বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।
গ্রেড এ শ্রেণিভক্ত ক্রিকেটাররা হলেন আর অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, কেএল রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া। কেএল রাহুল ও শুভমান গিলেতর প্রমোশন হল তাঁরা, গ্রেড এ শ্রেণিতে উন্নীত হয়েছেন।গ্রেড বি-তে আছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল।
গ্রেড সি-তে আছেন রিঙ্কু সিং, তিলক ভর্মা, ঋতুরাজ গাইকোয়াড, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, কেএস ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান, রজত পাটীদার।
যে ক্রীড়াবিদরা নির্দিষ্ট সময়ের মধ্যে(১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ ) ন্যূনতম ৩টি টেস্ট বা ৮টি ওয়ানডে বা ১০টি টি২০ খেলার মানদণ্ড পূরণ করেছেন বা করবেন তাঁরা স্বয়ংক্রিয়ভাবে গ্রেড সি-তে অন্তর্ভুক্ত হবেন। উদাহরণস্বরূপ, ধ্রুব জুরেল এবং সরফরাজ খান, এখন পর্যন্ত ২টি টেস্ট ম্যাচ খেলেছেন, তাঁরা যদি ধরমশালায় টেস্ট ম্যাচে, অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের শেষ টেস্টে অংশগ্রহণ করেন তবে দুইজনেই সি গ্রেডে অন্তর্ভুক্ত হবেন।
নির্বাচকদের সুপারিশের ভিত্তিতে এই রাউন্ডে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে বার্ষিক চুক্তির জন্য বিবেচনা করা হয়নি। মনে করা হচ্ছে শৃঙ্খলাভঙ্গের জন্য কড়া শাস্তি পেলেন এই দুই ক্রিকেটার। নির্বাচক কমিটির পক্ষ থেকে বেশ কয়েকজন পেসারের সঙ্গে ফাস্ট বোলিংয়ের চুক্তির সুপারিশ করা হয়েছে। এই তালিকায় আছেন আকাশ দীপ, বিজয় কুমার বৈশাখ, উমরান মালিক, যশ দয়াল এবং ভি ক্যাভেরাপ্পা।
আকাশ দীপকে ধরলে বাংলা থেকে এই তালিকায় আছেন মোট তিন জন। শামি-মুকেশ কুমার প্রধান তালিকাতেই আছেন। পেসারদের তালিকায় জায়গা করে নিয়েছেন আকাশ দীপও।
বিসিসিআই সুপারিশ করেছে যে সমস্ত ক্রীড়াবিদ যখন জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন না তখড় তাঁদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক থাকবে।












Click it and Unblock the Notifications