Indian Team Selection: শ্রেয়সকে ছুটি নয়, খেলতে হবে রঞ্জিতে! ঈশান কিষাণের ভবিষ্যৎ আচমকাই কেন বড় প্রশ্নের মুখে?
Indian Team Selection: আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের দলে নেই শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। ঈশান কিষাণ ব্যক্তিগত কারণে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজে ছুটি চেয়েছিলেন।
কিষাণের আবেদন মঞ্জুরও করে বিসিসিআই। কিন্তু ঈশান কিষাণ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে, এমনকী টি২০ বিশ্বকাপেও সুযোগ পাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। শ্রেয়স আইয়ারকেও নেমে পড়তে হবে রঞ্জি ট্রফিতে।

শ্রেয়স দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে ৫২ রানের ইনিংস খেলেছিলেন। সেঞ্চুরিয়ন টেস্টে তিনি ৩১ ও ৬ রানে আউট হন। কেপ টাউন টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে চার মেরে ভারতের জয় নিশ্চিত করে চার রানেই অপরাজিত থাকেন। এই টেস্টটি শেষ হয়েছিল দেড় দিনে।
কিন্তু তাতে দেশে ফিরে রঞ্জি ট্রফিতে নেমে পড়ার মতো সুযোগ ছিল না শ্রেয়সের। যদিও তাঁর ব্যাটিং পুরোপুরিভাবে খুশি করতে পারেনি নির্বাচকদের। আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে রোহিত শর্মা অধিনায়ক হয়ে এবং বিরাট কোহলি টি২০ আন্তর্জাতিক দলে ফিরেছেন। এই দলে শ্রেয়সের নাম না থাকায় মনে করা হচ্ছিল তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।
যদিও শ্রেয়স ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নেমে পড়ছেন রঞ্জি খেলতে। অজিঙ্ক রাহানেও মুম্বইয়ের হয়ে রঞ্জির প্রথম ম্যাচে খেলতে পারেননি। তিনি অন্ধ্রের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন। শ্রেয়সকেও রাখা হয়েছে সেই দলে। সরফরাজ খানের জায়গায় শ্রেয়স মুম্বই দলে এলেন। সরফরাজ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন।
পাটনায় বিহারকে সরাসরি হারিয়ে সাত পয়েন্ট নিশ্চিত করে অন্ধ্রের বিরুদ্ধে খেলবে। শিবম দুবে আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়েছেন। ফলে এই অলরাউন্ডারকে ছাড়াই রঞ্জির পরের ম্যাচটি খেলতে হবে মুম্বইকে। এর পাশাপাশি জল্পনা শুরু হয়েছে ঈশান কিষাণের ভবিষ্যৎ নিয়ে। কিষাণের উপ নির্বাচকরা অসন্তুষ্ট বলেই খবর।
দক্ষিণ আফ্রিকায় টেস্টে লোকেশ রাহুল উইকেটকিপিং করেছেন। সে কারণে ম্যাচ না খেলে দলের সঙ্গে ঘুরতে চাননি বলেই ঈশান ছুটি চেয়েছিলেন বলে জানা যাচ্ছে। ঈশানের টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যক্তিগত বলে উল্লেখ করেছিল বিসিসিআই। এমনটাও জানা গিয়েছিল, মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই ক্রিকেট থেকে ছুটি চাইছেন কিষাণ।
কিন্তু ঈশান কিষাণ দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন জানতে পেরেই অসন্তুষ্ট হন নির্বাচকরা। ফলে কিষাণতে আপাতত তাঁরা পরিকল্পনার বাইরেই রাখছেন বলে বোর্ডসূত্রে জানা যাচ্ছে। টেস্টে লোকেশ রাহুলের পাশাপাশি কেএস ভরত রয়েছেন। টি২০ আন্তর্জাতিকে জিতেশ শর্মা ও সঞ্জু স্যামসনের উপর আস্থা রাখার সম্ভাবনা প্রবল। সেই ইঙ্গিত মিলেছে আফগানিস্তান সিরিজের দল গঠনেও। ফলে ঈশান কিষাণ আদৌ টি২০ বিশ্বকাপের দলে থাকবেন কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন।












Click it and Unblock the Notifications