১৯৯৯-এর এক লাখি ইডেনে সচিনকে সেই কুখ্যাত ধাক্কা নিয়ে মুখ খুললেন শোয়ব
১৯৯৯-এর এক লাখি ইডেনে সচিনকে সেই কুখ্যাত ধাক্কা নিয়ে মুখ খুললেন শোয়ব
ক্রিকেট পাগল কলকাতার ইডেন গার্ডেন্সে সচিন তেন্ডুলকরকে ধাক্কা মেরে রাতারাতি খলনায়ক বনে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। উত্তাল হয়ে উঠেছিল মাঠ। ২১ বছর পর সেই ঘটনা নিয়ে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাউলপিন্ডি এক্সপ্রেস। হ্যালো অ্যাপের লাইভ চ্যাটে এ ব্যাপারে কী বললেন শোয়েব।

ভারত বনাম পাকিস্তান
১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এক ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। বিতর্কিত ওই ম্যাচ ৪৬ রানে জিতেছিল ওয়াসিম আক্রমের দল। ম্যাচে খলনায়ক বনে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।

স্কোরবোর্ড
ইডেন গার্ডেন্সের ওই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে অল-আউট হয়ে গিয়েছিলেন ওয়াসিম আক্রমরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছিলেন মইন খান। ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছিলেন জাভাগাল শ্রীনাথ। জবাবে প্রথম ইনিংসে ২২৩ রান তুলতে সক্ষম হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। মহম্মদ আজহারউদ্দিনের দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছিলেন ওপেনার সদাগোপান রমেশ। ৪ উইকেট নিয়েছিলেন শোয়েব আখতার। সৈয়দ আনোয়ারের ১৮৮ রানের সৌজন্যে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩১৬ তুলেছিল পাকিস্তান। ভারতের হয়ে ৮ উইকেট নিয়েছিলেন জাভাগাল শ্রীনাথ। ২৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩২ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন শোয়েব আখতার।

সচিনকে ধাক্কা
ক্রিকেট প্রেমীদের মতে, কলকাতার ওই টেস্ট ভারত জিততে পারত, যদি না সচিন তেন্ডুলকর দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হতেন। সচিনের ওই আউটকে এখনও বিতর্কিত বলে মানেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ৭ রানে ব্যাট করছিলেন মাস্টার ব্লাস্টার। ওয়াসিম আক্রমের বল ডিপ মিড উইকেটে ঠেলে অনায়াসে দুই রান নিয়ে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন সচিন। তৃতীয় রান নেওয়ার জন্য নন-স্ট্রাইকার এন্ডের দিকে দৌড়েছিলেন ভারতীয় কিংবদন্তি। স্ট্যাম্পে ঢোকার আগেই সেখানে বল সংগ্রহ করার জন্য দাঁড়িয়ে থাকা শোয়েব আখতারের গায়ে সচিন ধাক্কা খান এবং রান আউট হয়ে যান।

জনরোষ
ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে উঠেছিল আবেগপ্রবণ এক লাখি ইডেন। শোয়েব আখতার ছল করে সচিন তেন্ডুলকরকে আউট করেছেন, এমন দাবিতে উত্তাল হয়ে উঠেছিল স্টেডিয়াম। দর্শকাসন থেকে মাঠে উড়ে এসেছিল পাথর, কাগজ, জলের বোতল। তখনকার মতো খেলা স্থগিত করে দিতে বাধ্য হয়েছিলেন আম্পায়াররা। পরে ম্যাচ রেফারির অনুরোধে সচিন তেন্ডুলকর মাঠে নেমে দর্শকদের শান্ত করেছিলেন।

ইচ্ছাকৃত নয়
ওই ঘটনা তিনি ইচ্ছাকৃতভাবে ঘটাননি বলে জানিয়েছেন শোয়েব আখতার। তাঁর কথায়, ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা এমন থাকে যে সেই সময় ক্রিকেটাররা অন্য জগতে বিচরণ করেন। সেদিন তিনিও একই আবেগের বশবর্তী হয়ে ওই ভুল করে ফেলেছিলেন বলে জানিয়েছেন শোয়েব। ঘটনার থেকে শিক্ষা নিয়ে তিনি ২০০৪ সালে নিজেকে সংযত করেছিলেন বলেও জানিয়েছেন রাউলপিন্ডি এক্সপ্রেস।












Click it and Unblock the Notifications