ঘরের মাঠে সৌরভের দিল্লির কাছে বড় হার কলকাতার
শেষদিকে কলিন ইনগ্রাম ৬ বলে ১৪ রান করে দেওয়ায় একটুর জন্য শতরান হাতছাড়া হয়েছে শিখরের। সবমিলিয়ে ৭ উইকেটে এদিন জয় পায় দিল্লি ক্যাপিটালস।
তিনি দিল্লি দলের বিশেষ দায়িত্বে রয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় খেলার আগে ইডেনের দর্শকদের কাছে আবেদন করেছিলেন কলকাতার পাশাপাশি দিল্লিকেও সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সেটা হলও। দিল্লির ব্যাটসম্যানরা রান পেলেই গ্যালারি চেঁচিয়ে সমর্থন জানাচ্ছিল। জানাবে না কেন, সকলের প্রিয় দাদা যে দিল্লির হয়ে ডাগ আউটে বসে রয়েছেন।

এদিন ইডেনে টসে জেতেন শ্রেয়স আইয়ার। বদলে যাওয়া ইডেনের পিচে পেস ব্যাটারি লেলিয়ে দেন। ইশান্ত শর্মা, ক্রিস মোরিস, কাগিসো রাবাদা, কিমো পলরা ধেয়ে আসেন কলকাতার ব্যাটসম্যানদের দিকে। একেবারে প্রথম বলেই ইশান্ত উইকেট উড়িয়ে দেন নবাগত ইংরেজ ব্যাটসম্যান জো ডেনলির।
তবে কলকাতা সহজে উইকেট হারায়নি তারপরে। শুভমান গিল ওপেন করতে নেমে অনবদ্য ৬৫ রানের ইনিংস খেলে যান। রবীন উথাপ্পা সঙ্গ দিলেও ঝড়ের গতিতে রান তুলতে পারেনি। করেন ৩০ বলে ২৮ রান। নীতীশ রানা এদিনও ব্যর্থ হয়ে ১১ রানে ফেরত যান। ২ রানে আউট হয়ে ফেরেন দীনেশ কার্তিকও।
শেষে অগতির গতি আন্দ্রে রাসেল এদিনও অনবদ্য খেলেন। মাত্র ২১ বলে ৪৫ রান করে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন। কলকাতা ৭ উইকেট হারিয়ে তোলে ১৭৮ রান।
তবে ইডেনের পিচে এই রান যথেষ্ট ছিল না। দিল্লি যথারীতি ধুন্ধুমার শুরু করে। পৃথ্বী শ ৭ বলে ১৪ রান করে ফিরে যান। শ্রেয়স আইয়ারও ৬ রান করে ফিরে গেলেও শিখর ধাওয়ান একাই ইনিংস টানতে থাকেন। সঙ্গ দেন ঋষভ পন্থ। তিনি ৪৬ রানে ফিরে গেলেও ধাওয়ান ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন। শেষদিকে কলিন ইনগ্রাম ৬ বলে ১৪ রান করে দেওয়ায় একটুর জন্য শতরান হাতছাড়া হয়েছে শিখরের। সবমিলিয়ে ৭ উইকেটে এদিন জয় পায় দিল্লি ক্যাপিটালস।












Click it and Unblock the Notifications