শ্রীলঙ্কা সফরের আগে শিখর-হার্দিকদের মানতে হবে কড়া বিধি, খেলতে হবে একাধিক ম্যাচ
শ্রীলঙ্কা সফরের আগে শিখর-হার্দিকদের মানতে হবে কড়া বিধি, খেলতে হবে একাধিক ম্যাচ
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। তরুণ প্রতিভায় পরিপূ্র্ণ এই টিম ইন্ডিয়াকে ভারত ছাড়ার আগে মানতে হবে কড়া করোনা বিধি। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারদের শ্রীলঙ্কার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিসিসিআই অনুশীলন ম্যাচ খেলানোর ব্যবস্থা করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

১৪ দিনের কোয়ারেন্টাইন
করোনা ভাইরাসের আবহে আগামী শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি২০ ও ওয়ান ডে সিরিজ খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে ভারতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমারদের। তার মধ্যে সাত দিন কড়া বিধির মধ্যে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। শেষ সাত দিনে নিয়ম কিছুটা শিথিল করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর। তার আগে শ্রীলঙ্কাগামী ভারতীয় ক্রিকেটারদের অন্তত দুটি কোভিড ১৯ নেগেটিভ টেস্ট জমা করতে হবে বলেও জানানো হয়েছে। আগামী সোমবার অর্থাৎ ১৪ জুন থেকে মুম্বইয়ে ধাওয়ানদের কোয়ারেন্টাইন শুরু হবে বলেও খবর। কলম্বো পৌঁছেও ভারতীয় দলকে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে বিসিসিআই সূত্রে খবর। ৪ জুলাই পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ
বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা ভারতীয় ক্রিকেটাররা শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে চায়। অতিমারী পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় ভারতে এ ধরনের ম্যাচ আয়োজন করা যে বেশ ঝুঁকিপূর্ণ, তা মেনে নিয়েছে বিসিসিআই। ফলে শ্রীলঙ্কায় শিখর ধাওয়ান, হার্দিক পাণ্ডিয়াদের জন্য অনুশীলন ম্যাচ আয়োজন করার চেষ্টায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে মূল সিরিজ শুরুর আগে তিনটি ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলার সুযোগ পেতে পারে মেন ইন ব্লু।

ধাওয়ানের নেতৃত্বে ভারত
বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে শ্রীলঙ্কায় ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। প্রথমবার দেশের হয়ে এত বড় দায়িত্ব পালন করতে নামার আগে বেশ চনমনে হয়ে রয়েছেন গব্বর। দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করতে চলা ভুবনেশ্বর কুমার দীর্ঘদিন পর মাঠে নেমে নিজের সেরাটা উজাড় করে দিতে মরিয়া।

ভারত বনাম শ্রীলঙ্কা
আগামী ১৩ জুলাই থেকে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে। ওইদিন সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ১৬ এবং ১৮ জুলাই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ২১ জুলাই দুই দলের মধ্যে টি২০ সিরিজ শুরু হচ্ছে। ২৩ এবং ২৫ জুলাই সিরিজের শেষ দুটি টি২০ ম্যাচ খেলা হবে।












Click it and Unblock the Notifications