শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়ল ধাওয়ানের টিম ইন্ডিয়া, নেটিজেনদের প্রাণঢালা শুভেচ্ছা
শ্রীলঙ্কা সফরের জন্য ভারত ছাড়ল ধাওয়ানের টিম ইন্ডিয়া, বিসিসিআইয়ের ছবি ভাইরাল
শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলতে দেশ ছাড়ল শিখর ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। টি২০ বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মেন ইন ব্লু-দের দলগত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই। সেটি ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে। শুভেচ্ছার বন্যায় ভেসেছেন হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালরা।
|
ভারত ছাড়লেন ধাওয়ানরা
কথা মতোই সোমবার শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়ল শিখর ধাওয়ান নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দ্বীপরাষ্ট্রের বিমান ধরার আগে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থহীন ভারতীয় দলের দলগত ছবি পোস্ট করেছে বিসিসিআই। যেখানে তরুণ মুখের ছড়াছড়ি। তা দেখে আপ্লুত হয়েছে নেট দুনিয়া। টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেডকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ক্রিকেট প্রেমীরা।

বিরাট, রোহিতদের ছাড়া বড় চ্যালেঞ্জ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ফলে তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের ছাড়াই শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করতে হবে ভারতীয় দলকে। মোকাবিলা যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। বিশেষ করে টি২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সিরিজ যে তরুণ ক্রিকেটারদের কাছে সোপান হতে চলেছে, তাও নিশ্চিত। তবু হাসিখুশি মেজাজেই তাঁরা শ্রীলঙ্কা রওনা হয়েছেন। মজাদার অধিনায়কই তাঁদের সঙ্গী।
ছবি সৌজন্যে শিখর ধাওয়ানের ফেসবুক

শ্রীলঙ্কায় মানতে হবে করোনা বিধি
মুম্বইয়ে ১৪ দিনের নিভৃতবাস শেষ করা শিখর ধাওয়ানরা কলম্বো পৌঁছেও নিস্তার পাচ্ছেন না। সেখানেও তিন দিনের নিভৃতবাসে থাকতে হবে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারদের। ন্যূনতম দুই বার প্রত্যেকের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পরই ভারতীয় ক্রিকেটারদের মাঠে অনুশীলনে নামতে দেওয়া হবে বলে খবর। শ্রীলঙ্কায় অনুশীলন ম্যাচও খেলার কথা রয়েছে ধাওয়ান বাহিনীর।

ভারত বনাম শ্রীলঙ্কার টক্কর
আগামী ১৩ জুলাই থেকে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে। ওইদিন সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ১৬ এবং ১৮ জুলাই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ২১ জুলাই দুই দলের মধ্যে টি২০ সিরিজ শুরু হচ্ছে। ২৩ এবং ২৫ জুলাই সিরিজের শেষ দুটি টি২০ ম্যাচ খেলা হবে।












Click it and Unblock the Notifications