Pahalgam: পহেলগাঁও নিয়ে আফ্রিদির অভব্যতা, সোশ্যাল মিডিয়ায় সপাটে জবাব দিলেন শিখর ধাওয়ান
Pahalgam: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মদত রয়েছে পাকিস্তানের। জঙ্গিদের আশ্রয়দাতা পাকিস্তানকে পাল্টা জবাব দিতে সেনাবাহিনীর সব বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এরই মধ্যে শাহিদ আফ্রিদির অভব্যতার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় জোর যুদ্ধ চালাচ্ছেন শিখর ধাওয়ান।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করেন আফ্রিদি। প্রাক্তন পাক অধিনায়ক বলেন, একটি বাজি ফাটলেও ভারত পাকিস্তানকে দোষারোপ করে। কাশ্মীরে ৮ লক্ষ সেনা রেখেও এই ধরনের ঘটনা ঠেকাতে পারছে না। তার অর্থ সেনাবাহিনী এতটাই অকর্মণ্য যে দেশকে সুরক্ষিত রাখতে ব্যর্থ।
শিখর ধাওয়ান এরপরই সরব হন সোশ্যাল মিডিয়ায়। আফ্রিদিকে মনে করিয়ে দেন ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের কথা। এক্স হ্যান্ডলে ধাওয়ান লেখেন, "কার্গিলেও হারিয়েছি। আর কত নীচে নামবে? অকারণে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্য না করে দেশের উন্নতির বিষয়ে মাথা ঘামাও।
ধাওয়ান আরও লেখেন, "ভারতের সেনাবাহিনী নিয়ে আমরা গর্বিত। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।" এর পাল্টা হিসেবে আফ্রিদি চায়ের কাপ ধরা একটি ছবি দেন। সেটিও যে ধাওয়ানকে খোঁচা দিতেই তা বলার অপেক্ষা রাখে না।
Chouro jeet haar ko , aao tumhey chae pilata hun Shikhar . #FantasticTea https://t.co/ilEOepsVm0 pic.twitter.com/T45O8o2XUR
— Shahid Afridi (@SAfridiOfficial) April 29, 2025
ধাওয়ানের টুইটের পাল্টা আফ্রিদি চায়ের কাপ হাতে নিজের ছবি পোস্ট করেন। লেখেন, "ছাড়ো জেতা-হারা। এসো তোমাকে চা খাওয়াই শিখর।" ফ্যান্টাস্টিক টি বলে হ্যাশট্যাগও দেন। আফ্রিদি যে ২০১৯ সালের একটি ঘটনা মনে করাতেই এই চায়ের প্রসঙ্গ টানলেন সেটা বুঝতে অসুবিধা হওয়ার নয়।
ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করেছিল পাকিস্তানের বায়ুসেনা। ভারতীয় বিমান পাক ভূখণ্ডে যাওয়ায় সেটিকে নামানো হয়েছিল। এরপর ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল, অভিনন্দনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে এক কাপ চা দেওয়া হয়েছে। আফ্রিদি চায়ের কাপ দেখিয়ে ধাওয়ানকে খোঁচা দেওয়ার চেষ্টা চালালেন। শিখর অবশ্য পাল্টা এখনও কিছু লেখেননি।












Click it and Unblock the Notifications