Shikhar Dhawan: টিম ইন্ডিয়ায় ব্রাত্য, মহিলা সঙ্গী নিয়ে আকাশে অ্যাডভেঞ্চারে মেতে ধাওয়ান
শিখর ধাওয়ানের নেতৃত্বে এশিয়ান গেমসে ভারতের দল পাঠানো হবে বলে জল্পনা চলছিল কয়েক সপ্তাহ ধরেই। কিন্তু দল ঘোষণায় চমক দিয়েছে বিসিসিআই। যদিও সামনের দিকে তাকিয়ে তারুণ্যের উপরই আস্থা রাখলেন নির্বাচকরা। নেতৃত্বের ভার দেওয়া হয়েছে ঋতুরাজ গাইকোয়াডের উপর। যার ফলে জল্পনা তুঙ্গে উঠল শিখর ধাওয়ানের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।
তবে গব্বর কিন্ত আছেন নিজের মুডেই। দল থেকে অনেকদিনই বাদ পড়েছেন। এমনকি দরজা খোলেনি এশিয়া কাপেও। ক্রিকেট থেকে অনেকটা দূরে ধাওয়ান বিন্দাস ছুটি কাটাচ্ছেন। আকাশের অ্যাডভেনঞ্চারে মেতে গব্বর। সম্প্রতি নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান। সেখানেই স্কাই ড্রাইভিং ট্রিপে দেখা গেল টিম ইন্ডিয়ার তারকাকে।

তবে সব থেকে উল্লেখযোগ্য এই অ্যাডভেঞ্চারে ধাওয়ানের সঙ্গী ছিলেন এক মহিলা। তবে কে তিনি সেটা পষ্ট হয়নি। স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এরই মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে নতুন সম্পর্কে জড়িয়েছেন ধাওয়ান। এরপরই তাঁর স্কাই ড্রাইভিং ট্রিপে গব্বরের সঙ্গী হিসাবে দেখা গেল এক মহিলাকে। যা জল্পনার মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দিল।
ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য ভারতের যে টি ২০ আন্তর্জাতিক দল ঘোষিত হয়েছে তার মধ্যে মাত্র ৬ জনকে রাখা হয়েছে এশিয়ান গেমসের দলে। এই ক্রিকেটাররা হলেন যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, আবেশ খান এবং মুকেশ কুমার । ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন আইপিএলে কেকেআরের হয়ে দুরন্ত পারফরম্যান্স করা আলিগড়ের ব্যাটসম্যান রিঙ্কু সিং।

এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়েছেন, তাঁরা বিশ্বকাপের জন্য বিবেচিত হবেন না। আর তাতেই শিখর ধাওয়ানের জন্য আশার আলো দেখা যাচ্ছে। কারণ তাঁকে এশিয়ান গেমসের দলে রাখা হয়নি। তারপরই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি আসন্ন বিশ্বকাপের দলের জন্য ধাওয়ানকে এখনও বিবেচনার মধ্যে রাখা হচ্ছে? যদিও বিষয়টি নিয়ে নির্বাচক মণ্ডলী বা বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

গত সপ্তাহে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, 'আগামী সেপ্টেম্বরে চিনের হ্যাংঝাউতে এশিয়ান গেমসের যে আসর বসতে চলেছে, তাতে পুরুষ এবং মহিলাদের দল পাঠাবে বিসিসিআই। কিন্তু ২০২৩ সালের পুরুষদের আইসিসি বিশ্বকাপের সূচির সঙ্গে এশিয়ান গেমসের সূচি কিছুটা সম্পৃক্ত থাকায় যে খেলোয়াড়রা বিশ্বকাপে খেলবেন না, তাঁদেরই এশিয়ান গেমসের জন্য পাঠানো হবে।'












Click it and Unblock the Notifications