Shikhar Dhawan: শিখর ধাওয়ানের অবসর, আইপিএলে কি খেলবেন?
Shikhar Dhawan: শিখর ধাওয়ানের অবসর। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তিনি নিজের এই সিদ্ধান্তের কথা জানালেন। যার ফলে যবনিকা পড়ল ১৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে।
একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটকেও আলবিদা জানান ভারতীয় ক্রিকেটের গব্বর। গত এপ্রিলে তিনি শেষবার পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন। তবে চোটের কারণে আইপিএলের বাকি ম্যাচে খেলতে পারেননি।

আবেগঘন বার্তায় শিখর বলেছেন, জীবনের এমন পর্যায়ে এসে পৌঁছেছি যখন পিছনের দিকে তাকালে বহু স্মৃতি, আবার সামনে পড়ে পুরো দুনিয়া। আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। অন্তরের তৃপ্তি এটাই যে, দেশের হয়ে খেলতে চেয়েছিলাম, সেটা পেরেছি।
ধাওয়ানের কথায়, নিজেকে এটাই বোঝাচ্ছি যে, ভারতের হয়ে আর খেলতে না পারার জন্য দুঃখ করার কিছু নেই। ভালো লাগছে এই কারণেই যে, দেশের হয়ে খেলেছি। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য কোচ তারক সিনহা, মদন শর্মা ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধাওয়ান বলেন, ভারতীয় দলের পরিবারের অংশ হতে পেরেছিলাম। যা আমাকে খ্যাতি দিয়েছে, অনেক সুখস্মৃতিই রয়েছে।
একদিনের আন্তর্জাতিকে যে ৮ জন ক্রিকেটারের পাঁচ হাজারের উপর রান, চল্লিশের উপর গড় ও ৯০-এর উপর স্ট্রাইক রেট রয়েছে শিখর তাঁদের অন্যতম। এই তালিকার বাকি ভারতীয়রা হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ২০২২ সালে বাংলাদেশ সিরিজের পর আর ভারতীয় দলে সুযোগ পাননি ধাওয়ান।
টেস্ট অভিষেকে শিখর দ্রুততম শতরান হাঁকিয়েছিলেন। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, সেই ম্যাচে ১৮৭ রান করে তিনি ভারতের জয়ে অবদান রাখেন। ২০১৩ সালে ওডিআই কেরিয়ারের সেরা মরশুম কাটিয়েছেন শিখর।
সেবার তিনি ওডিআইয়ে ১১৬২ রান করেন। গড় ছিল ৫০.৫২, স্ট্রাইক রেট ৯৭.৮৯। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করানোর পিছনেও ছিল তাঁর অবদান। ২টি শতরান-সহ ৫ ইনিংসে তিনি ৩৬৩ রান করেন। সেই টুর্নামেন্ট থেকেই শিখর ও রোহিত শর্মার জুটির সফর শুরু। যা ওডিআইয়ে বিশ্বের সেরা ওপেনিং জুটির প্রথম চারে রয়েছে। সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুটির রয়েছে ৬৬০৯ রান, শিখর-রোহিত জুটিতে এসেছে ৫১৪৮ রান।
শিখর ৩৪টি টেস্টে সাতটি শতরান ও পাঁচটি অর্ধশতরান-সহ ২৩১৫ রান করেছেন। ১৬৭টি ওডিআইয়ে ১৭টি শতরান ও ৩৯টি হাফ সেঞ্চুরি-সহ শিখর ৬৭৯৩ রান সংগ্রহ করেছেন। ৬৮টি টি২০ আন্তর্জাতিকে ১১টি হাফ সেঞ্চুরি-সহ রয়েছে ১৭৫৯ রান।
শিখরের পোস্ট করা ভিডিওতে ভারতীয় দলের জার্সি, হেলমেটের ছবি যেমন রয়েছে তেমনই রয়েছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সি, স্মারকের ছবি। আইপিএলের কথা আলাদাভাবে উল্লেখ করেননি শিখর। তবে ঘরোয়া ক্রিকেট থেকেও অবসর, ক্রিকেট কেরিয়ার শেষের কথার মধ্যে স্পষ্ট আইপিএলেও তিনি আর খেলবেন না।












Click it and Unblock the Notifications