মুর্খের স্বর্গে বাস করেন রবি শাস্ত্রী, বিতর্কের পাল্টা জবাব সৌরভের!
কলকাতা, ৩০ জুন : ভারতীয় দলের হেড কোচ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই চরম বিতর্ক তৈরি হয়েছে। অনিল কুম্বলে কোচ হওয়ায় তা মেনে নিতে পারছেন না রবি শাস্ত্রী। আর তার পর থেকেই একের পর এক তোপ দাগতে শুরু করেন তিনি। তাঁর আক্রমণের নিশানায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তারই পাল্টা জবাব দিলেন সৌরভ। রবি শাস্ত্রী মুর্খের স্বর্গে বাস করেন বলে মন্তব্য করেন সৌরভ। ['আমাকে অসম্মান করেছে সৌরভ', ফের তোপ 'হতাশ' শাস্ত্রীর]
অনিল কুম্বলেকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ ঘোষণা করার পর সৌরভকে আক্রমণ করতে শুরু করে শাস্ত্রী। বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটির সামনে কোচ হওয়ার জন্য তাঁর ভিডিও প্রেজেন্টেশন পেশ করার সময় অপর প্রান্তে কেন সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন না তা নিয়ে প্রশ্ন তোলেন শাস্ত্রী।

বুধবার তারই পাল্টা জবাব দেন সৌরভ। তাঁকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "হেড কোচ না হতে পেরে যেভাবে তিনি ব্যক্তিগত এবং পেশাগত অভিযোগ তুলছেন এবং তাঁর আচার ব্যবহারে আমি সত্যিই হতাশ এবং আহত।"
পাশাপাশি সৌরভ বলেন, "রবি যদি ভেবে থাকে আমার জন্য ও ভারতীয় দলের কোচ হতে পারল না , তাহলে বলব ও মুর্খের স্বর্গে বাস করছে।"
রবি শাস্ত্রীর অভিযোগ ছিল তার ইন্টারভিউয়ের সময় বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি)সদস্য সৌরভ গঙ্গোপাধ্য়ায় উপস্থিত না থাকাটা তাঁর প্রতি এবং গোটা পদ্ধতিটির প্রতি অত্যন্ত অপমানজনক।
কেন তিনি এই সময় অনুপস্থিত ছিলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে সৌরভ বলেন, "রবি হয়তো জানেন না আমি বিসিসিআই-কে আগে থেকেই ইমেল করে অনুমতি নিয়েছিলাম যে বিকেল ৫ টার সময় আমায় একঘন্টার জন্য বেরিয়ে যেতে হবে। সিএবি-র ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। রবির ইন্টারভিউয়ের পূর্বনির্ধারিত সময় ছিল সোয়া চারটে। কুম্বলের ইন্টারভিউ দীর্ঘক্ষণ চলে। পাঁচটা নাগাগ শচীন ও ভিভিএস লক্ষ্মণকে বলে আমি বেরিয়ে যাই।
এর আধঘন্টা পর আমার কাছে জানতে চাওয়া হয়, রবিকে অনলাইনে পাওয়া গিয়েছে। তাহলে কি ইন্টারভিউ নিয়ে নেওয়া হবে? যেখানে শচীন লক্ষ্মণের মতো কিংবদন্তীরা ছিলেন, সেখানে আমি নেই বলে ইন্টারভিউ পিছিয়ে দেওয়ার কথা বলা কখনওই ঠিক নয়। আমি তাই সম্মতি জানাই। আমি ফিরে আসার পর আমায় বলা হয় ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে। তাহলে আমার অপেশাদার মনোভাব বা অবমাননাকর ভঙ্গির প্রশ্নটা কী করে আসছে? [ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হলেন অনিল কুম্বলে]
শাস্ত্রীর সমালোচনা করে সৌরভ বলেন, "ওর জন্য আমার একটা পরামর্শ রয়েছে। পরের বার কোনও গুরুত্বপূর্ণ ইন্টারভিউ বা প্রেজেন্টেশন দেওয়ার সময় যেন ও যেন সশরীরে উপস্থিত থাকে। ব্যাংককে ছুটি কাটাতে যেন না যায়। যখন নিজেই অপেশাদারিত্ব দেখাচ্ছেন, গুরুত্বপূর্ণ ইন্টারভিউকে অসম্মান করছেন তখন বড়বড় কথা বলার আগে ওর একবার ভাবা উচিত। আমি কোনও গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে চলি না। ও খোঁজ নিয়ে দেখতে পারে। ও যতটা ভাবে আমি তার থেকে বেশি দায়িত্ববান।" [মোক্ষম 'সৌরভ' চাল দিয়ে বাজিমাত মমতার!]
এখানেই শেষ নয়, সৌরভ আরও বলেন, "কুম্বলেকে প্রধান কোচ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে। রবি সবার কাছে গিয়ে জানতে চাইতে পারেন যে আমার ওর সঙ্গে কি সমস্যা রয়েছে। তবে আমি ওকে বলতে চাই আমার তরফ থেকে ওর প্রতি কোনও সমস্যা নেই। যদি ও নিজের মাথার মধ্যে সমস্যা তৈরি করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই।"












Click it and Unblock the Notifications