দেশে মহিলা ক্রিকেটারদের জন্য গোলাপি বলে ম্যাচ আয়োজনের পরামর্শ শান্তার
দেশে মহিলা ক্রিকেটারদের জন্য গোলাপি বলে ম্যাচ আয়োজনের পরামর্শ শান্তার
পুরুষদের পর এবার দেশের মহিলা ক্রিকেটারদের জন্য গোলাপি বলের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে বিসিসিআই। জয় শাহদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য শান্তা রঙ্গস্বামী। সেই সঙ্গে এ ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডকে মূল্যবান পরামর্শও দিয়েছেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক।

কী বলেছেন শান্তা
শান্তা রঙ্গস্বামীর বক্তব্য, গোলাপি বল তো দূরে, ঘরোয়া স্তরে লাল বলেই ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ পান না ভারতের মহিলা ক্রিকেটাররা। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে অতি গুরুত্বপূর্ণ দিন-রাতের টেস্ট খেলতে নামার আগে মিতালি রাজদের প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দেশের মাটিতে গোলাপি বলে ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে বলে মনে করেন রঙ্গস্বামী।

গত বছরই চেষ্টা করেছিল বিসিসিআই
শান্তা রঙ্গস্বামীর কথায়, গত বছরই দেশের মহিলা ক্রিকেটারদের গোলাপি বলে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিল বিসিসিআই। করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য। জানিয়েছেন যে টেস্ট ক্রিকেটের মাধ্যমেই মহিলা ক্রিকেটের উত্তরণ সম্ভব।

গোলাপি বলের টেস্ট খেলবেন মিতালিরা
বৃহস্পতিবার সকাল সকাল বিসিসিআই সচিব জয় শাহের টুইটে ক্রিকেট প্রেমীদের মন ভরে যায়। যেখানে তিনি সন্তোষের সঙ্গে জানান যে বিরাট কোহলিদের পর এবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবেন মিতালি রাজরাও। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওমেন ইন ব্লু এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হবেন বলে জানিয়েছেন বোর্ড সচিব।

কোথায় হবে এই ম্যাচ
আগামী ৩০ সেপ্টেম্বর গোলাপি বলে প্রথমবার টেস্ট খেলতে নেমে ইতিহাস রচনা করবে ভারতের মহিলা ক্রিকেট দল। পারথের ওয়াকা স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেটি ৩ অক্টোবর পর্যন্ত চলার কথা।












Click it and Unblock the Notifications