কোহলি অনবদ্য এবং তাঁর পরিসংখ্যান মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, বিরাটের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন অজি তারকা
কোহলি অনবদ্য এবং তাঁর পরিসংখ্যান মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, বিরাটের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন অজি তারকা
বিরাটের কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন টি-২০ বিশ্বকাপে প্রাক্তন ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে বিরাটের পরিসংখ্যানকে 'মাথা ঘুরিয়ে দেওয়ার মতো' বলে উল্লেখ করেছেন ওয়াটসন।

টি-২০ বিশ্বকাপে কোহলির পারফরম্যান্স:
টি-২০ বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে তিনি ছাপিয়ে গিয়েছেন মহেলা জয়বর্ধনেকে এবং হয়ে উঠেছেন টি-২০ বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী। এত দিন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে সর্ধাকি রানের নজির ছিল মহেলার দখলে। তিনি করেছিলে ১০১৬ রান। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে ১৩তম অর্ধ-শতরান করেন বিরাট, যেটি একটি রেকর্ড। এত সংখ্যক অর্ধশতরান টি-২০ বিশ্বকাপে কেউ করতে পারেননি।

কী বলেছেন ওয়াটসন:
শেন ওয়াটসন স্টার স্পোর্টসকে বলেছেন, "'টি-২০ বিশ্বকাপে ৮০ গড়ে ১০০০-এর উপর রান। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে পুরো বিষয়টা। টি-২০ ক্রিকেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা। ব্যাটিংয়ের ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে এবং বড় ইভেন্টে এই রকম ভাবে ব্যাটিং করা, গড় রান এত ভাল রেখে নিজের দলকে জেতানো এক কথায় অনবদ্য। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পরিসংখ্যান ওর। এই রকম ঝুঁকিপূর্ণ ফরম্যাটে ধারাবাহিক ভাবে ব্যাটিং করতে পারাটা অসাধারণ বিষয়। এক কথায় এটা অসম্ভব।"

জয়বর্ধনের থেকে কম ইনিংস লেগেছে কোহলির:
মহেলা জয়বর্ধনে টি-২০ বিশ্বকাপে সর্বাধিক রান করতে নিয়েছিলেন ৩১টি ইনিংস সেখানে বিরাট কোহলির লেগেছে ২৩টি ইনিংস। তবে, মজার বিষয় হল বিরাটের থেকে অনেক কম বলে এই রেকর্ড করেছিলেন জয়বর্ধনে।

অ্যাডিলেডে কোহলির পারফরম্যান্স:
অ্যাডিলেড কখনও নিরাশ করেনি কোহলিকে। বারবার এই মাঠ উজাড় করে দিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। এই ম্যাচে ৪ টেস্টে ৫০৯ রান করেছেন কোহলি, তাঁর গড় ৬৩.৬২ এবং সর্বোচ্চ ১৪১ রান। ৪টি ওডিআই ম্যাচে ৬১.০০ গড়ে ২৪৪ রান করেছেন বিরাট এবং তাঁর সর্বোচ্চ ১০৭ রান। ২টি টি-২০ ম্যাচে করেছেন ১৫৪ এবং সর্বোচ্চ ৯০*। মোট ১০ ম্যাচে অ্যাডিলেডে ৭৫.৫৮ গড়ে ৯০৭ রান করেছেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications