ওয়ার্নের 'রকস্টার' জাদেজার শতরান মোহালিতে, অশ্বিনের সঙ্গে রেকর্ড জুটিতে বেকায়দায় ফেললেন শ্রীলঙ্কাকে
শেন ওয়ার্ন নাম দিয়েছিলেন রকস্টার। টুইট ভাইরাল হওয়ার পর প্রয়াত অজি কিংবদন্তিকে দুরন্ত ট্রিবিউট রবীন্দ্র জাদেজার। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান পেয়েছিলেন রাজকোটে। আজ মোহালিতে পেলেন কেরিয়ারের দ্বিতীয় টেস্ট শতরান। তাও এলো শেন ওয়ার্নের মৃত্যুসংবাদ পাওয়ার পরদিন সকালেই।
|
ওয়ার্নকে ট্রিবিউট সেরা ইনিংসে
গতকাল প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ৩৫৭। জাদেজা ৪৫ ও অশ্বিন ১০ রানে ক্রিজে ছিলেন। আজ ৮৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন জাদেজা। অশ্বিনের সঙ্গে জাদেজার সপ্তম উইকেট জুটিতে উঠল রেকর্ড ১৩০ রান। ১৬০ বলে শতরান পূর্ণ করেন জাদেজা মধ্যাহ্নভোজের বিরতির আগেই। লাঞ্চে ভারতের স্কোর গিয়ে দাঁড়িয়েছে ৭ উইকেটে ৪৬৮ রানে। ১০টি চারের সাহায্যে ১৬৬ বলে ১০২ রানে ব্যাট করছেন জাদেজা। এটি তাঁর টেস্ট কেরিয়ারেরও ব্যক্তিগত সর্বাধিক রান। জয়ন্ত যাদব ২ রানে অপরাজিত আছেন।এদিন প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১১১ রান। ৮টি চারের সাহায্যে ৮২ বলে ৬১ রান করে সুরঙ্গা লকমলের দ্বিতীয় শিকার হয়েছেন অশ্বিন। ১০৯.৪ ওভারে ৪৬২ রানের মাথায় ভারতের সপ্তম উইকেটটি পড়েছে। গত বছর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রান করার পর এই প্রথম টেস্ট অর্ধশতরান পেলেন অশ্বিন। এটি তাঁর কেরিয়ারের দ্বাদশ হাফ সেঞ্চুরি।
|
ওয়ার্নির রকস্টার জাড্ডু
শেন ওয়ার্নের প্রয়াণের পর হর্ষ ভোগলের একটি টুইট ভাইরাল হয়েছে। জাদেজার শোকবার্তা জানানোর টুইটে হর্ষ লেখেন, জাড্ডুকে খুব ভালোবাসতেন ওয়ার্ন। ২০০৮ সালে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে জাদেজাকে ডেকে ওয়ার্ন ভোগলেকে বলেছিলেন, এই ছেলেটি একজন রকস্টার! এরপরও জাদেজাকে নিয়ে ওয়ার্নের সঙ্গে অনেকবার কথা হয়েছে। জাদেজা ও ইউসুফ পাঠানের খেলা ছিল ওয়ার্নের পছন্দের। এর প্রত্যুত্তরে জাদেজা লিখেছেন, হ্যাঁ হর্ষ ভাই, আমার সেই কথোপকথন মনে আছে। ওয়ার্নের আত্মার শান্তি কামনা করি।
|
সানিও মনে করালেন
আজ জাদেজা শতরান পূর্ণ করার সুনীল গাভাসকরও জাদেজাকে ওয়ার্নের রকস্টার বলে অভিহিত করার ঘটনাটি মনে করান। উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম আইপিএলে শেন ওয়ার্নের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসেই ছিলেন জাড্ডু। সেবার আইপিএল চ্যাম্পিয়নও হয় ওয়ার্নের দল। জাদেজাকে অনেকে স্যর জাদেজা বলে ডাকলেও ওয়ার্ন ডাকতেন রকস্টার নামেই।

জাদেজার প্রশংসক
গতকালের পর ভাইরাল হয়েছে ওয়ার্নের একটি টুইট। যেখানে ২০১৪ সালের ২০ জুলাই তিনি লিখেছিলেন, রকস্টার জাদেজাই ইংল্যান্ডের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে যাচ্ছেন। ইংল্যান্ডের শর্ট বলের রণকৌশলকেও কটাক্ষ করেছিলেন ওয়ার্ন। উল্লেখ্য, সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে জাদেজা ৫৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন। শেষ অবধি ভারত জিতেছিল ৯৫ রানে।












Click it and Unblock the Notifications