আমেদাবাদ টেস্টে ঘূর্ণি উইকেট চাইছে ভারত? প্রথম একাদশে হবে রদবদল
আমেদাবাদে ৯ মার্চ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। ঘূর্ণি উইকেট হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারছেন না গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা।
বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখলেও এখনও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিশ্চিত করতে পারেনি ভারত। শ্রীলঙ্কার দিকে তাকিয়ে না থেকে নিজেরাই ফাইনালের টিকিট কনফার্ম করতে মুখিয়ে রোহিত শর্মার ভারত। তবে সেজন্য আমেদাবাদে ৯ মার্চ থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টে জিততে হবে। স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ নিয়ে।

ইন্দোর টেস্ট জিতে গেলে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে আমেদাবাদ টেস্ট গ্রিনটপে খেলার পরিকল্পনার কথা জানিয়েছিলেন রোহিত শর্মা। নাগপুর, দিল্লির পর ইন্দোরেও ঘূর্ণি উইকেট ছিল। কিন্তু তৃতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ে র্যাঙ্ক টার্নার ব্যুমেরাং হয়েছে ভারতের জন্য। অস্ট্রেলিয়া ৯ উইকেটে টেস্টটি জিতেছে। এরপর হোলকার স্টেডিয়ামের পিচকে খারাপ বলে আখ্যায়িত করেছে আইসিসি। ২০১৭ সালের পর এই প্রথম ভারতের কোনও টেস্ট উইকেটটিকে 'পুওর' বলে চিহ্নিত করেছে আইসিসি। ফলে আমেদাবাদে র্যাঙ্ক টার্নার বানিয়ে চাপে পড়তে নারাজ গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। তেমনই দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের।
গুজরাত ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে পছন্দসই পিচ তৈরির ব্যাপারে কোনও অনুরোধ আসেনি। প্রতি মরশুমে যেভাবে পিচ তৈরি করা হয়, তেমনটাই করছেন কিউরেটররা। গত জানুয়ারিতে শেষ রঞ্জি ম্যাচে এখানে রেলওয়েজ প্রথমে ব্যাটিং করে গুজরাতের বিরুদ্ধে ৫০৮ রান তুলেছিল। গুজরাত দুই ইনিংসে দুশোর উপর রান তুলেও ইনিংস হারের সম্মুখীন হয়। টেস্টের উইকেটও তেমন হওয়ারই আভাস মিলছে। তবে বিসিসিআইয়ের কিউরেটর তাপস চট্টোপাধ্যায় ও আশিস ভৌমিক পৌঁছে গেলে পিচের চরিত্র কেমন হবে সে বিষয়ে নিশ্চয়তা মেলেনি। জিসিএ চাইছে টেস্ট ক্রিকেটের উপযুক্ত ভালো পিচ তৈরি করতে। বিসিসিআইয়ের গ্রাউন্ডস ও পিচ কমিটির নির্দেশ মেনেই এতদিন ধরে যাবতীয় প্রস্তুতি হয়েছে।
এদিকে, ভারতের প্রথম একাদশেও পরিবর্তন আসছে। মহম্মদ শামি নির্বাচকদের বিশ্বকাপ পরিকল্পনায় রয়েছেন। সামনে আইপিএল রয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। সে কারণে শামিকে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে তিনি চতুর্থ টেস্টে মহম্মদ সিরাজের জায়গায় দলে আসবেন। তিনটি টেস্টে সিরাজ মাত্র ২৪ ওভার বল করেছেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবেন। তারপর আইপিএল। ফলে সিরাজকে আমেদাবাদ টেস্টে বিশ্রাম দিয়ে ওয়ার্কলোড ম্যানেজ করা হবে বলেই জানা যাচ্ছে। ভারতের টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটার ইন্দোরে রয়েছেন। তাঁরা হোলকার স্টেডিয়ামের পিচে প্রস্তুতি সারছেন। রোহিত শর্মা-সহ কয়েকজন মুম্বইয়ে ফিরে গিয়েছেন। তিনি আমেদাবাদে দলের সঙ্গে ৬ মার্চ যোগ দেবেন।












Click it and Unblock the Notifications