বিধ্বংসী শামি, সার্ভিসেস ইনিংস হারের দোরগোড়ায়, রঞ্জি কোয়ার্টার ফাইনালে যেতে বাংলার চাই ২ উইকেট
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে উঠতে বাংলার দরকার আর দুই উইকেট। কল্যাণীতে সার্ভিসেসকে ফলো-অন করানোর পর তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে আট উইকেট তুলে নিয়েছে অভিমন্যু ঈশ্বরণের দল।
প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে ১৪ বার শামি ইনিংসে পাঁচ উইকেট পেলেন।

বাংলার প্রথম ইনিংসে ৫১৯ রানের জবাবে আজ সকালে সার্ভিসেসের প্রথম ইনিংস শেষ হয় ৫৩.৫ ওভারে ১৮৬ রানে। ফলো-অনে বাধ্য হয়ে তৃতীয় দিনের শেষে সার্ভিসেসের স্কোর ৬১ ওভারে ৮ উইকেটে ২৩১। প্রথম ইনিংসে নকুল শর্মা ১১৩ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। এদিন সকালে সার্ভিসেসের প্রথম ইনিংসের বাকি দুটি উইকেট তুলে নিয়েছিলেন সুরজ সিন্ধু জয়সওয়াল ও শাহবাজ আহমেদ।
সুরজ চারটি মেডেন-সহ ১৪ ওভারে ৫১ রান খরচ করে নেন চার উইকেট। একটি মেডেন-সহ ১১ ওভারে ৫০ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন আকাশ দীপ। মহম্মদ শামির বোলিং ফিগার ১৬ ওভারে চারটি মেডেন, ৩৭ রান খরচ করে ২ উইকেট। শাহবাজ ৩.৫ ওভারে ৮ রান দিয়ে পান ১ উইকেট। মুকেশ কুমার ১টি মেডেন-সহ ৯ ওভারে ২৯ রান দেন, কোনও উইকেট পাননি।
দ্বিতীয় ইনিংসে সার্ভিসেস অধিনায়ক রজত পালিওয়াল ১৬০ বলে ৮৩ ও মোহিত আহলাওয়াত ৯৩ বলে ৬২ রান করেন। জয়ন্ত গয়াত ২০ বলে ১৬ ও আদিত্য কুমার ১৪ বলে ২২ রানে অপরাজিত আছেন। শামি তিনটি মেডেন-সহ ১৬ ওভারে ৫১ রান দিয়ে পাঁচ উইকেট পেলেন। মুকেশ ৪টি মেডেন-সহ ১৩ ওভারে ৪২ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। সুরজ ১টি মেডেন-সহ ১০ ওভারে ২৭ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। সার্ভিসেস এখনও পিছিয়ে রয়েছে ১০২ রানে। এই ম্যাচ জিতলেই বাংলা পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।
বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা শামির প্রশংসা করে বলেন, কাল সকালে দ্রুত বাকি ২টি উইকেট তুলে নেওয়াই লক্ষ্য। হরিয়ানার মুখোমুখি হওয়ার আগে বোনাস পয়েন্ট-সহ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছে বাংলা। এরপর অ্যাওয়ে ম্যাচে লাহলিতে খেলতে হবে বাংলাকে। সেখানকার উইকেট স্পিন-সহায়ক। ফলে ওই ম্যাচে শামি-সহ দলের কয়েকজন পেসারকে বিশ্রাম দিয়ে স্পিনারের সংখ্যা বাড়াতে পারে বাংলা।












Click it and Unblock the Notifications