শামির চার উইকেট, অশ্বিন ও জাদেজার তিনটি করে শিকার, দিল্লি টেস্টে অস্ট্রেলিয়া শেষ ২৬৩ রানেই
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ২৬৩ রানে। চারটি উইকেট নিলেন মহম্মদ শামি। তিনটি করে উইকেট পেলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ২৬৩ রানে থামিয়ে দিল ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। মহম্মদ শামি চারটি এবং রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট দখল করেন।

নাগপুর টেস্টের মতো যে দিল্লির পিচ নয় তা পিচ রিপোর্ট দেওয়ার সময় বলেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্য়াথু হেডেন। দিনের শেষে দেখা যাচ্ছে প্রথম ধাক্কা দেওয়া মহম্মদ শামির নামের পাশেই চার উইকেট। প্রথম ঘণ্টায় কোনও উইকেট না হারালেও মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৫ ওভারে ৩ উইকেটে ৯৪ রান। চা বিরতিতে তা গিয়ে দাঁড়ায় ৫৬ ওভারে ৬ উইকেটে ১৯৯। এরপর ৭৮.৪ ওভারেই অল আউট অজিরা। ১২টি চার ও একটি ছয়ের সাহায্যে ১২৫ বলে সর্বাধিক ৮১ রান করেন ওপেনার উসমান খোয়াজা। রবীন্দ্র জাদেজার বলে রিভার্স স্য়ুইপে আগ্রাসী শট খেলতে গিয়েছিলেন, লোকেশ রাহুল অনবদ্যভাবে ক্যাচ তালুবন্দি করেন।
৯টি চারের সাহায্যে ১৪২ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন পিটার হ্যান্ডসকম্ব। যদিও তিনি জাদেজার শিকার হতে হতে অল্পের জন্য বেঁচে যান ফ্রন্ট ফুট নো বলের কারণে। অধিনায়ক প্যাট কামিন্স ৫৯ বলে ৩৩ রান করেন। ডেভিড ওয়ার্নার ১৫ রানের বেশি করতে পারেননি। মার্নাস লাবুশানে ১৮, ট্রাভিস হেড ১২, নাথান লিয়ঁ ১০ ও ম্যাথু কুহনেম্যান ৬ রান করেন। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ দুটি উইকেট নেন মহম্মদ শামি। এ ছাড়া তিনি ওয়ার্নার ও হেডের উইকেট নেন। স্টিভ স্মিথ, টড মার্ফি ও অ্যালেক্স ক্যারি শূন্য রানেই সাজঘরে ফেরেন।
মহম্মদ শামি চারটি মেডেন-সহ ১৪.৪ ওভারে ৬০ রানের বিনিময়ে চার উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ফিগার ২১ ওভার ৪ মেডেন ৫৭ রানে ৩ উইকেট। রবীন্দ্র জাদেজার ২১ ওভারের ২টি মেডেন ৬৮ রানে তিনি তিন উইকেট নেন। মহম্মদ সিরাজ ১০ ওভারে ২টি মেডেন-সহ ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি। অক্ষর প্যাটেল ১২ ওভার হাত ঘোরান, ২টি মেডেন, ৩৪ রানের বিনিময়ে তিনিও উইকেট পাননি।
জবাবে খেলতে নেমে সাবধানেই ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। ২০০৪ সালে নাথান হরিৎজের পর ম্যাথু কুহনেম্যানই প্রথম অজি স্পিনার যিনি টেস্টে বোলিং ওপেন করলেন। দিনের শেষে ভারতের স্কোর ৯ ওভারে বিনা উইকেটে ২১। রোহিত শর্মা ১৩ ও লোকেশ রাহুল ৪ রানে অপরাজিত রয়েছেন।












Click it and Unblock the Notifications