বাঙালি ব্যাঘ্র গর্জনে কুপোকাত ক্যাঙারু ব্রিগেড, ঢাকায় অজিদের হারিয়ে ইতিহাসে সাকিবরা
অস্ট্রেলিয়াকে টেস্টে প্রথমবার হারিয়ে ইতিহাস তৈরি করলেন বাংলাদেশি ক্রিকেটাররা।
ঢাকার মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়াকে টেস্টে প্রথমবার হারিয়ে ইতিহাস তৈরি করলেন বাংলাদেশি ক্রিকেটাররা। আর তাঁদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন শাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে মোট ১০টি উইকেট নিয়ে তিনি কোমর ভেঙে দিলেন অজি ব্যাটসম্যানদের। সবমিলিয়ে মোট ২০ রানে প্রথম টেস্ট জিতে নিল শাকিবরা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬০ রানে গুটিয়ে যায়। তামিম ইকবাল ৭১ ও শাকিব ৮৪ রান করে দলকে মোটামুটি ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শাকিবের স্পিনের কাছে নতিস্বীকার করে। শাকিব ৬৮ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে শেষ করে দেন মাত্র ২১৭ রানে।
বাংলাদেশ ৪৩ রানে লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। তবে এই ইনিংসেও দলের হয়ে একা রুখে দাঁড়ান তামিম ইকবাল। তামিম করে ৭৮ রান। এছাড়া মুশফিকুর রহিম ৪১ রান করেন।
সবমিলিয়ে বাংলাদেশ ২২১ রানে অলআউট হয়ে যায়। ২৬৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া শুরুটা খারাপ করেনি। ডেভিড ওয়ার্নার ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন। তবে বাকী কেউ তাঁকে সঙ্গ দিতে পারেননি। এই ইনিংসেও অজি ব্যাটিংকে একা হাতে শেষ করেন শাকিব। নেন ৮৫ রানে ৫ উইকেট। সবমিলিয়ে ২০ রানে ঢাকা টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, ২০০৬ সালে ফতুল্লায় জয়ের সুযোগ আসলেও শেষমেশ হারতে হয়েছিল বাংলাদেশকে। তবে ১১ বছর পর ঘরের মাঠেই স্পিনারদের কৃতিত্বে সেই আফসোস ঘুঁচিয়ে নিল বাংলাদেশ। পাঁচটি টেস্ট খেলে অজিদের বিপক্ষে এটাই প্রথম জয় বাংলদেশের। গতবছর অক্টোবর ঢাকায় ইংল্যান্ডকে হারিয়েছিলেন শাকিবরা। ওটাই ছিল কোনও বড় দলের বিপক্ষে প্রথম টেস্ট জয়। তবে এবারেরটা এল বিশ্বের অন্যতম সেরা দলকে হারিয়ে।












Click it and Unblock the Notifications