Shakib al Hasan: শাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের, ভারতে খেলতে আসবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার?
বাংলাদেশের ক্রিকেট আইকন শাকিব আল হাসান এখন ভিলেন দেশের মধ্যেই। দীর্ঘদিন ধরেই পদ্মাপারের দেশে শাকিবের জনপ্রিয়তার গ্রাফ উর্ধ্বমুখি। সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই গত জানুয়ারি মাসে দেশের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন। কিন্তু ৮ মাসের মধ্যেই বদলে গিয়েছে পরিস্থিতি। শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। বিদেশেই কাটাতে হচ্ছে শাকিবকেও।
বাংলাদেশে ছাত্র আন্দোলন ও রক্তাক্ত গণবিক্ষোভের সময় শাকিব ছিলেন দেশের বাইরে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সেইদিন থেকে দেশের তারকা অলরাউন্ডারকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি উঠেছে। এবার শাকিবের বিরুদ্ধে খুন অভিযোগে থানায় মামলা দায়ের হল। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে ৫ অগাস্ট রুবেল নামে একজন পোশাক কারখানার কর্মী গুলিবিদ্ধ হয়ে মৃ্ত্যু হয়।

বাংলাদেশের আদাবর থানায় মামলা দায়ের করেছেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম। এই মামলাতে নাম রয়েছে শাকিব আল হাসানের। মৃতের বাবার অভিযোগ, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিলেন তাঁর ছেলে। সেই সময় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে কেউ মিছিলে গুলি ছোড়ে।
চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের সাধারণ নির্বাচন। এই ভোটে বাংলাদেশের পশ্চিমের জেলা মাগুরা থেকে প্রার্থী হন শাকিব। বিপুল ভোটে জয়লাভ করে সেখান থেকে সাংসদ নির্বাচন হন।
গণবিক্ষোভে শেখ হাসিনার দেশত্যাগের পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি। সাংসদ শাকিব আল হাসানের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। একইভাবে বাংলাদেশ আরও এক ক্রিকেট তারকা তথা সাংসদ মাশরাফি বিন মুর্তজার বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।
বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বের ২ নম্বর ওডিআই অলরাউন্ডার বর্তমানে খেলার সূত্রেই পাকিস্তানে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে টেস্ট সিরিজ আছে বাংলাদেশ দলের। কিন্তু পড়শি দেশে কি আদৌও খেলতে আসবেন শাকিব?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন ফারুখ আহমেদ। প্রাক্তন এই ক্রিকেটার মুখ্য নির্বাচকের দায়িত্ব পালন করছিলেন অতীতে। তিনিই এলেন নতুন দায়িত্বে। মঙ্গলবারই মহিলাদের টি২০ বিশ্বকাপ সরে গিয়েছে পদ্মাপারের দেশ থেকে। আইসিসির তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ খেলা বাংলাদেশের পরিবর্তে আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।












Click it and Unblock the Notifications