শাকিব জোড়া নজির স্পর্শ করে নাম লেখালেন এলিট লিস্টে, ইংল্যান্ডের বিরুদ্ধে সান্ত্বনার জয় বাংলাদেশের
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিয়মরক্ষার শেষ একদিনের আন্তর্জাতিকে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশ বাঁচাল বাংলাদেশ। জোড়া নজির গড়লেন শাকিব আল হাসান।
শাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে দেশের মাটিতে একদিনের সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ। আদ চট্টগ্রামে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে জস বাটলারের নেতৃত্বাধীন বিশ্বচ্যাম্পিয়নদের ৫০ রানে হারিয়েছে টাইগাররা। জোড়া নজির স্পর্শ করে এলিট লিস্টে নাম লেখালেন ম্যাচের সেরা শাকিব।

১০ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন শাকিব। এর ফলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিকে তিনি ৩০০টি উইকেট দখল করলেন। একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় আপাতত তিনি রয়েছেন ১৪ নম্বরে। তবে চলতি বছরেই পেরিয়ে যেতে পারেন ড্যানিয়েল ভেত্তোরির ৩০৫ ও জাভাগল শ্রীনাথের ৩১৫টি উইকেটের নজির। সনৎ জয়সূর্যর রয়েছে ৩২৩ উইকেট। ভারতের একমাত্র অনিল কুম্বলেই ওডিআইয়ে তিনশো উইকেটের ক্লাবে রয়েছেন, তাঁর রয়েছে ৩৩৭টি উইকেট। ২০০৬ সালে হারারেতে জিম্বাবোয়ের এলটন চিগুমবুরাকে আউট করে ওডিআইয়ে প্রথম উইকেটটি নেন শাকিব। ২০১০ সালে আসাদ শফিককে আউট করে পান শততম উইকেট, ২০০তম শিকার ২০১৫ সালে হাসিম আমলা।
৩০০তম উইকেটটি পেলেন রেহান আহমেদকে সাজঘরে ফিরিয়ে। ২০২১ সালে শাকিব ২৭০তম ওডিআই উইকেট তুলে নিয়ে পিছনে ফেলেছিলেন মাশরফি মোর্তাজাকে। ওডিআইয়ে ৬ হাজার রান ও ৩০০ উইকেট একসঙ্গে রয়েছে এমন ক্রিকেটারদের তালিকায় শাকিব এদিন ঢুকে পড়লেন সনৎ জয়সূর্য ও শাহিদ আফ্রিদির পর তৃতীয় অলরাউন্ডার হিসেবে। আর ২৪ রান করলে তিনি ওডিআইয়ে ৭ হাজার রান পূর্ণ করবেন। শাকিব ইতিমধ্যেই টেস্ট ও টি ২০ আন্তর্জাতিকেও বাংলাদেশের সর্বাধিক উইকেটশিকারী। টেস্টে ২৩১টি ও টি ২০ আন্তর্জাতিকে ১২৮টি উইকেট রয়েছে। টি ২০ ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় শাকিব আছেন পাঁচে, তাঁর উইকেট-সংখ্যা ৪৪৩।
আজ টস জিতে ব্যাট করতে নেমে শাকিবের ৭৫, মুশফিকুর রহিমের ৭০ ও নাজমুল হোসেন শান্তর ৫৩ রানের দৌলতে বাংলাদেশ ৪৮.৫ ওভারে ২৪৬ রান তুলেছিল। জোফ্রা আর্চার নেন তিনটি উইকেট। স্যাম কারান ও আদিল রশিদের ঝুলিতে যায় ২টি করে উইকেট। জবাবে ৪৩.১ ওভারে ইংল্যান্ড ১৯৬ রানে অল আউট হয়ে যায়। সর্বাধিক ৩৮ করেন জেমস ভিন্স। শাকিব চারটি ও তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন শাকিব। ৩১ রান করার পাশাপাশি সিরিজে ৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা আদিল রশিদ।












Click it and Unblock the Notifications