IND vs NZ: অশ্বিনের সঙ্গে সুন্দরের তুলনা চায় না পরিবার, ফিটনেস-সচেতন থেকে নিবিড় অনুশীলনেই সাফল্য, দাবি দিদির
IND vs NZ: তিন বছর পর টেস্ট খেলতে নেমেই সাত উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৩টি উইকেট। ফলে ভারতের হয়ে তামিলনাড়ুর দুই স্পিনারই নিয়েছেন ১০ উইকেট।
ভাইয়ের সাফল্যে গর্বিত দিদি শৈলজা। ওয়াশিংটন যেমন অফ-স্পিনার, দিদি শৈলজা তামিলনাড়ুর হয়ে ব্যাট করেছেন, তিনি লেগ-স্পিন বলও করেন। ২০২১ অবধি খেলার পর এখন তাঁকে ধারাভাষ্য দিতেও দেখা যায়।

ওয়াশিংটন সুন্দরের সাফল্যের পর শৈলজা মাইখেল তামিলকে বলেন, "আগে ফিটনেসে এতটা গুরুত্ব দেওয়া হতো না। তবে ওয়াশিংটন বরাবর ফিটনেস সচেতন। হাল ছাড়তে নারাজ। এমনকী যখন চোট থাকে তখনও নিজের ১০০ শতাংশ দিতে প্রস্তুত থাকে। ছোটবেলা থেকেই নিজের খেলাকে উন্নত করাই ওয়াশিংটনের লক্ষ্য। নিবিড় অনুশীলনেই আজকের সাফল্য।"
ওয়াশিংটন সুন্দর টেস্টে তিনবার অর্ধশতরান পেরিয়েছেন, তবে শতরান আসেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রানে অপরাজিত ছিলেন আমেদাবাদে। শৈলজা জানালেন, "বাবা (মণি সুন্দর) ওয়াশিংটনের কাছে জানতে চান কেন ১০০-তে পৌঁছনো গেল না। ঠিক যেমন স্কুলের শিক্ষক ছাত্রকে নম্বর নিয়ে প্রশ্ন করেন, এটাও ঠিক তেমনই।" তবে আজ ওয়াশিংটনের সাফল্যে গর্বিত পরিবার।
শৈলজার কথায়, টেস্ট ক্রিকেট সবার উপরে। ক্রিকেটারের দক্ষতার বড় পরীক্ষা হয় এই ফরম্যাটে। সেখানে ইনিংসে সাত উইকেট নেওয়া ওয়াশিংটনের সাফল্যে আমরা সকলেই গর্বিত। ওয়াশিংটনের পারফরম্য়ান্সই আমাদের পরিবারকে গর্বিত করেছে। আরও অনেক বছর দেশের হয়ে খেলে অনেক সাফল্য এনে দিক ভাই, চাইছেন দিদি শৈলজা।
তবে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে সুন্দরের তুলনায় আপত্তি রয়েছে শৈলজার। তিনি বলেন, "অশ্বিনের প্রচুর কীর্তি রয়েছে। তিনি কিংবদন্তি। ওয়াশিংটন আরও উন্নতি করবে। দুজনের বোলিং স্টাইলও ভিন্ন। অশ্বিন যা করেছেন তা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় না। ফলে অশ্বিনের সঙ্গে তুলনা করে সুন্দরের উপর চাপ তৈরি ঠিক নয়। অশ্বিনের জায়গা নেওয়া বিরাট বড় দায়িত্বের ব্যাপার। ফলে এখনই মিডিয়ার সুন্দরের ঘাড়ে প্রত্যাশার বোঝা চাপানো অনুচিত।"
বল হাতে কামাল দেখিয়েছেন সুন্দর। এবার ব্যাট হাতেও দলের প্রতি অবদান রাখতে চান। শৈলজা বলেন, "যখনই দল সমস্যায় পড়েছে ওয়াশিংটন কখনও ব্যাট হাতে, কখনও বল হাতে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। টেস্টে তাঁর সামগ্রিক পারফরম্যান্সেই আমরা গর্বিত।" দেশের হয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, আশাবাদী ওয়াশিংটন সুন্দরের পরিবার।












Click it and Unblock the Notifications