শাই হোপের শতরানে বেঁচে ওয়েস্ট ইন্ডিজের আশা, ODI সিরিজ জিততে ভারতের দরকার ৩১২
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ জিততে ভারতের দরকার ৩১২ রান। আজ ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নেমেও পুরো ৫০ ওভার খেলতে সক্ষম হলো ওয়েস্ট ইন্ডিজ, পরপর দুবার তিনশোর উপর রানও তুলল। আগের ম্যাচে রান তাড়া করতে গিয়ে ৫০ ওভার খেলে তিন রানে হেরেছিল নিকোলাস পুরাণের দল। ফলে ৫০ ওভার পুরো ব্যাট করতে না পারার রোগমুক্ত হয়ে তাই স্বস্তি ক্যারিবিয়ান শিবিরে।

ওয়েস্ট ইন্ডিজ পরপর তিনশো পার
নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। যা চলতি সিরিজের সর্বাধিক। দলের সহ অধিনায়ক শাই হোপ ৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ১৩৫ বলে ১১৫। আজ ফর্মে ফিরে দুরন্ত ইনিংস উপহার দিলেন উইকেটকিপার হোপ। বিশ্বের দশম তথা ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ব্যাটার হিসেবে কেরিয়ারের শততম একদিনের আন্তর্জাতিকে শতরান করার নজির গড়লেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ক্রিস গেইল ও রামনরেশ সারওয়ানের এই কীর্তি রয়েছে।
|
দাপুটে ব্যাটিং
এদিন দশম ওভারের প্রথম বলে ৬৫ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন দীপক হুডা। ২৩ বলে ৩৯ রান করে কট অ্যান্ড বোল্ড হন কাইল মেয়ার্স। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি ছয়। ২১.৩ ওভারে পড়ে দ্বিতীয় উইকেট। পাঁচটি চারের সাহায্যে ৩৬ বলে ৩৫ রান করে অক্ষর প্যাটেলের শিকার হন শামার ব্রুকস। ২২.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় উইকেট হারায় ১৩০ রানে। পাঁচ বল খেলে কোনও রান না করেই যুজবেন্দ্র চাহালের শিকার ব্র্যান্ডন কিং। এরপর ওয়েস্ট ইন্ডিজকে বড় রানের দিকে নিয়ে যেতে থাকেন হোপ ও পুরাণ। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ১১৭ রান।
|
হোপ-পুরাণে বড় স্কোর
হোপ ৬৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। নিকোলাস পুরাণের লাগে ৬০ বল। একটি চার ও ছয়টি ছয়ের সাহায্যে তিনি ৭৭ বলে ৭৪ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হন। ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ উইকেটটি পড়ে ২৪৭ রানে। পুরাণ বেশি আগ্রাসী ছিলেন চাহালের বিরুদ্ধে। এরপর ১২৫ বলে শতরান পূর্ণ করেন হোপ। ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেট পড়ে ২৮০ রানের মাথায়। ১০ বলে ১৩ রান করে শার্দুলের দ্বিতীয় শিকার রভম্যান পাওয়েল। ৪৮.৫ ওভারে দলগত ৩০০ রানের মাথায় আগ্রাসী শট খেলতে গিয়ে শার্দুল ঠাকুরের বলেই অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দেন হোপ। এরপর আর কোনও উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। রোমারিও শেফার্ড ১১ বলে ১৫ ও আকিল হোসেন ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে মহম্মদ সিরাজের বলে একটি ছক্কা মারেন হোসেন।

সফলতম শার্দুল
ভারতের বোলারদের মধ্যে সফলতম শার্দুল ঠাকুর। সাত ওভারে ৫৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল ১টি মেডেন ওভার-সহ ৯ ওভারে ৪০ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। দীপক হুডা ৯ ওভারে ৪২ রান খরচ করে এবং যুজবেন্দ্র চাহাল ৯ ওভারে ৬৯ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন। অভিষেক ম্যাচে আবেশ খান ৬ ওভারে ৫৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। মহম্মদ সিরাজের ঝুলিতেও কোনও উইকেট আসেনি। সিরাজ ১০ ওভার বল করেছেন, একটি মেডেন, ৪৭ রান খরচ করেছেন। প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় খেলতে নেমে একদিনের আন্তর্জাতিক অভিষেক অবশ্য সুখকর হয়নি আবেশের।












Click it and Unblock the Notifications