বিরাট ও জাদেজা মজে পাঠানের গানে, শাহরুখ খানের ইচ্ছাপূরণ করবেন ভারতীয় দলের দুই তারকা?
বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে দেখা গিয়েছিল পাঠান ছবির গানে নাচতে। নাগপুর টেস্টের ফাঁকে সেই দৃশ্য দেখে বিরাট ও জাড্ডুর নাচের দক্ষতার প্রশংসা খোদ শাহরুখ খানের।
শাহরুখ খানের পাঠান ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এই ছবি মুক্তির আগে কম বিতর্ক হয়নি। ছবি বয়কটের ডাক দেওয়া থেকে শুরু করে কিং খানের সমালোচনাও করেছিলেন অনেকে। লাগে রাজনৈতিক রং। যদিও সে সবকে উড়িয়ে পাঠান সুপার-ডুপার হিট। এই ছবিতে মজে রয়েছেন ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকের আগে শুভমান গিল-সহ কয়েকজন ক্রিকেটারের জন্য পাঠান ছবির বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা হয়েছিল। এমনকী ভারতে আসার আগে ডেভিড ওয়ার্নারও পাঠান ছবিতে শাহরুখের লুকে এতটাই মুগ্ধ হয়ে যে ছবি পোস্ট করেছিলেন তা ভাইরাল হতে সময় লাগেনি। এমনকী নাগপুর টেস্টেও দেখা যায় পাঠান ছবির গান কতটা প্রভাব ফেলেছে ভারতীয় ক্রিকেট তারকাদের উপর।
They are doing it better than me!! Will have to learn it from Virat And Jadeja!!! https://t.co/q1aCmZByDu
— Shah Rukh Khan (@iamsrk) February 14, 2023
নাগপুর টেস্টে তৃতীয় দিনে ভারত প্রথম ইনিংসে লিড নেওয়ার পর অস্ট্রেলিয়া যখন দ্বিতীয় ইনিংস শুরু করবে তার ঠিক আগের ফুটেজ ভাইরাল হয়। ভারতীয় দলের ক্রিকেটাররা তখন বাউন্ডারি লাইনের ধারে সমবেত হয়েছেন। আম্পায়ারদের নামার অপেক্ষায় তাঁরা সেখানে দাঁড়িয়ে। ফিল্ডিং করতে মাঠে প্রবেশের আগে ভারতীয় দলের ক্রিকেটারদের দিকে তাক করে ক্যামেরা। তখনই দেখা যায় পাঠান ছবির ঝুমে যো পাঠান গানটির তালে পা মেলাচ্ছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। তাঁদের ডান্সিং মুভে মুগ্ধ ফ্যানেরা।
বিরাট কোহলিকে আগেও দেখা গিয়েছে কখনও ব্যাটিংয়ের সময় ভাঙড়া নাচের মাধ্যমে সেলিব্রেশনে মাততে। কখনও ফিল্ডিং, কখনও বা অনুশীলনের ফাঁকেও বিরাট কোহলির ডান্সিং স্কিলের সাক্ষী থেকেছেন ক্রিকেটপ্রেমীরা। আজ ভ্যালেন্টাইন্স ডে-তে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। তখনই বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার নাচের ছবিটি দিয়ে সে সম্পর্কে শাহরুখের মতামত জানতে চান জনৈক ভক্ত। শাহরুখ সেই প্রেক্ষিতে লিখেছেন, বিরাট ও জাদেজা আমার চেয়েও ভালো নেচেছেন! তাঁদের কাছ থেকে নাচ শিখতে হবে। কিং খানের এই টুইট নিয়ে বিরাট কোহলি বা রবীন্দ্র জাদেজা কিছু লেখেন কিনা সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
উল্লেখ্য, ২০১৮ সালে জিরো ছবির পর পাঠান ছবির মাধ্যমেই কামব্যাক করলেন শাহরুখ খান। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। সলমন খানকেও দেখা গিয়েছে ছোট্ট চরিত্রে অভিনয় করতে। কিং খান র ফিল্ড এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও ছবিটি মুক্তি পেয়েছে।












Click it and Unblock the Notifications