শাহবাজের ১১ শিকার! হরিয়ানাকে গুঁড়িয়ে গ্রুপের শীর্ষে থেকেই রঞ্জি কোয়ার্টার ফাইনালে অপরাজেয় বাংলা
প্রথম ইনিংসে ৫, দ্বিতীয় ইনিংসে ৬। হরিয়ানার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে একাই ১১ উইকেট তুলে নিলেন শাহবাজ আহমেদ।
লাহলিতে হরিয়ানাকে ১৮৮ রানে গুঁড়িয়ে অপরাজেয় বাংলা গ্রুপের শীর্ষে থেকেই গেল কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে পুরো তিন দিনও লাগল না বাংলার।

আজ সকালে ৪১ ওভারে ৩ উইকেটে ১৫৫ রান- এই অবস্থা থেকে খেলা শুরু করা বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৫৬.৫ ওভারে ২০০ রানে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৯টি চারের সাহায্যে করেন ১৫৭ বলে ৮৩ রান।
রাহুল প্রসাদ ৩৯ বলে ১৫, শাহবাজ আহমেদ ১৬ বলে ১০, সুমন্ত গুপ্ত ১১ বলে ২, শাকির হাবিব গান্ধী ৫ বলে ০, আকাশ দীপ ১০ বলে ২, বিকাশ সিং ৬ বলে ০ রানে আউট হন। মুকেশ কুমার ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। অংশুল কম্বোজ চারটি এবং আমন কুমার, তন্ময় বালোডা ও অমিত রানা ২টি করে উইকেট দখল করেন।
জয়ের জন্য ২৯৪ রানের টার্গেট ছিল হরিয়ানার সামনে। কিন্তু বাংলার বোলারদের দাপটে দ্বিতীয় ইনিংসেও অসহায় আত্মসমর্পণ করে অঙ্কিত কুমারের নেতৃত্বাধীন দল। যার ফলে ২৬.১ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় হরিয়ানা।
অঙ্কিত করেন সর্বাধিক ২৫। ২টি মেডেন-সহ ৮ ওভারে ৩৮ রান দিয়ে ৬ উইকেট নেন ম্যাচের সেরা শাহবাজ। নবম ওভারেই তিনি হরিয়ানার ৪৪ রানের মাথায় প্রথম তিন উইকেট ফেলে দিয়ে প্রতিপক্ষের কাজ কঠিন করে দেন। ওই ওভারের প্রথম দুটি বলে দুই উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের পরিস্থিতিও তৈরি করেছিলেন। হ্যাটট্রিক না হলেও চতুর্থ বলে ওই ওভারের তৃতীয় উইকেটটি তিনি ঝুলিতে পুরে ফেলেন।
১টি মেডেন-সহ ৮ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট মুকেশ কুমারের। আকাশ দীপ তিনটি মেডেন-সহ ৮ ওভারে ২১ ও বিকাশ সিং ১টি মেডেন-সহ ২.১ ওভারে ৬ রান দিয়ে নেন ১টি করে উইকেট। শাহবাজ প্রথম ইনিংসেও পাঁচ উইকেট নেন (১১.১-১-৪২-৫)। প্রথম ইনিংসে বাংলার ১৯৩ রানের জবাবে হরিয়ানা করেছিল ১০০ রান। ৭ ম্যাচে ৫টি জয় ও ২টি ড্রয়ের সৌজন্যে ৩৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ 'সি'-র শীর্ষে থেকেই শেষ আটে গেল বাংলা।












Click it and Unblock the Notifications