শাহবাজের ভেল্কিতে চাপে গুজরাত, ছন্দে শামি, ফলো অন করানোর পথ খোলা বাংলার সামনে
ব্যাট হাতে সাফল্য পাননি। কিন্তু বল হাতে কামব্যাক ম্যাচে জ্বলে উঠলেন শাহবাজ আহমেদ। তাঁর ভেল্কিতেই ইডেনে রঞ্জি ম্যাচের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে চাপে গুজরাত।
বাংলার সামনে এখনও ফলো অন করানোর পথ খোলা রয়েছে। বাংলার ২৭৯ রানের জবাবে প্রথম ইনিংসে ৭ উইকেটে ১০৭ রান তুলে ধুঁকছে গুজরাত। এখনও বাংলা এগিয়ে ১৭২ রানে।

তবে গতকালের মতো এদিনও ৯০ ওভার খেলা হলো না। গতকাল তবু ৭২ ওভার খেলা হয়েছিল। আজ বাংলা ও গুজরাতের ইনিংস মিলিয়ে সাকুল্যে হলো ৬২.১ ওভার। এই ম্যাচ চলাকালীন বৃষ্টির আশঙ্কাও থাকছে। ফলে ম্যাচের যা পরিস্থিতি তাতে আবহাওয়া বাধা না হলে বাংলা ৬ পয়েন্ট পেতেই পারে। অন্তত তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলা স্রেফ সময়ের অপেক্ষা।
বাংলা গতকাল প্রথম দিনে তুলেছিল ৭২ ওভারে ৭ উইকেটে ২৪৪ রান। আজ ৮০.৪ ওভারে ২৭৯ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস। সুমন্ত গুপ্ত ১১৫ বলে ৬৩, আকাশ দীপ ৩৭ বলে ২৯, ঈশান পোড়েল ৮ বলে শূন্য রান করেন। মহম্মদ শামি অপরাজিত থাকেন ১৭ বলে ৮ রান করে। সিদ্ধার্থ দেশাই চারটি, চিন্তন গাজা ও প্রিয়জিৎসিং জাদেজা ২টি করে এবং অর্জন নাগওয়াসওয়ালা ও বিশাল জয়সওয়াল ১টি করে উইকেট নেন।
এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গুজরাত। দিনের শেষে তাদের স্কোর ৫৩.৩ ওভারে ৭ উইকেটে ১০৭ রান। অভিষেক দেশাই ০, আর্য দেশাই ৮, সিদ্ধার্থ দেশাই ১৯, উমঙ্গ কুমার ১৮, জয়মিত প্যাটেল ০, উর্বিল প্যাটেল ১৫ ও বিশাল জয়সওয়াল ০ রানে আউট হয়েছেন।
অধিনায়ক মনন হিংরাজিয়া ১৬৩ বল খেলে ৪১ রানে অপরাজিত আছেন। চিন্তন গাজা ৩৮ বল খেলে ৪ রানে অপরাজিত রয়েছেন। শাহবাজ আহমেদ তিনটি মেডেন-সহ ১১.৩ ওভারে ১৭ রান খরচ করে চার উইকেট তুলে নিয়েছেন।
মহম্মদ শামি ৬টি মেডেন-সহ ১৪ ওভারে ৩৪ রান খরচ করে নিয়েছেন ২টি উইকেট। আকাশ দীপের ১১ ওভারের মধ্যে ৫টি মেডেন, তিনি ২১ রান দিয়ে নেন ১ উইকেট। ঈশান পোড়েল তিনটি মেডেন-সহ ৭ ওভারে ১৩ ও সুরজ সিন্ধু জয়সওয়াল তিনটি মেডেন-সহ ১০ ওভারে ২১ রান দিয়েছেন, তবে উইকেট পাননি। কাল প্রথম ঘণ্টার মধ্যেই দ্রুত বাকি তিনটি উইকেট তুলে নেওয়া লক্ষ্য বাংলার।












Click it and Unblock the Notifications