India Women: অস্ট্রেলিয়া সফরে হরমনপ্রীতই ভারতের নেতৃত্বে, বাদ পড়লেন তারকা ওপেনার, দলে বাংলার ৩
India Women: অস্ট্রেলিয়া সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত। তার জন্য দল ঘোষণা করা হলো আজ। হরমনপ্রীত কৌরই নেতৃত্বে।
ভারতীয় দলে ফিরলেন রিচা ঘোষ। তবে খারাপ ফর্মের কারণে বাদ পড়লেন তারকা ওপেনার শেফালি ভার্মা।

ডিসেম্বরের ৫ তারিখ প্রথম ওডিআই হবে ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে। খেলা শুরু ভারতীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে। দ্বিতীয় ওডিআই একই মাঠে ৮ ডিসেম্বর, খেলা শুরুর সময় ভারতীয় সময় ভোর ৫টা ১৫ মিনিট। পারথের ওয়াকায় তৃতীয় ওডিআই ১১ ডিসেম্বর, ভারতীয় সময় সকাল ৯টা ৫০ থেকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ভারতীয় মহিলা দল যে হোম সিরিজ খেলেছিল, তাতে রিচা খেলতে পারেননি বোর্ডের পরীক্ষা থাকায়। ঘোষিত ভারতীয় দলে সুযোগ দেওয়া হলো প্রিয়া পুনিয়া, হারলিন দেওল, অফ-স্পিনার মিন্নু মনি ও জোরে বোলার তিতাস সাধুকে।
চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়াতেও খেলতে পারবেন না লেগস্পিনার আশা সোভনা। নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হলো অলরাউন্ডার পূজা বস্ত্রকারকে। অফস্পিনার শ্রেয়াঙ্কা পাতিল, স্পিন বোলিং অলরাউন্ডার দয়ালান হেমলতা, আনক্যাপড সিমার সায়লি সাতঘরে, ব্যাক-আপ উইকেটকিপার উমা ছেত্রীও নেই অস্ট্রেলিয়া সফরের দলে।
নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল মিডল অর্ডার ব্যাটার তেজল হাসাবনিস, লেগস্পিনার প্রিয়া মিশ্র ও সিমার সাইমা ঠাকোরের। তাঁরা অস্ট্রেলিয়া সফরের দলে আছেন। চলতি বছর ৬টি ওডিআইয়ে ১৮ গড় রেখে শেফালি মাত্র ১০৮ রান করেছেন। ছন্দে না থাকার কারণেই তিনি বাদ পড়লেন।
গত ডিসেম্বরে শেফালি শেষবার ভারতের ওডিআই দল থেকে বাদ পড়েছিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের পর। সেবারের মতো এবারও যস্তিকা ভাটিয়া স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেন করবেন। তিনে খেলবেন পুনিয়া।
২০২৩ সাল থেকে পুনিয়া মাত্র তিনটি ওডিআই খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ পান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার পর অগাস্টে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন এ দলের হয়ে।
তবে পুনিয়াকে নিউজিল্যান্ড সিরিজের দলে রাখা হয়নি। যস্তিকা তিনে ব্যাট করেন। চলতি বছর তিনটি ওডিআইয়ে হেমলতাও নজর কাড়তে পারেননি। গত বছর দেশের মাটিতে ভারতের হয়ে শেষবার ওডিআই খেলা হারলিন সুযোগ পেলেন অস্ট্রেলিয়া সফরে। ২০১৯ সালে অভিষেকের পর তিনি এই ফরম্যাটে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে।
রেণুকা সিং, অরুন্ধতী রেড্ডির সঙ্গে তিতাস সাধুকে রাখা হয়েছে ভারতীয় দলে । বাংলার তিতাস দেশের হয়ে ৯টি টি২০ আন্তর্জাতিক খেললেও ওডিআই অভিষেক হয়নি। তৃতীয় পেসার হিসেবে তাঁর সঙ্গে লড়াই হবে ঠাকোরের। মহিলাদের ওডিআইয়ে যুগ্মশীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আগামী বছর ভারতে হবে মহিলাদের বিশ্বকাপ।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন ভারতীয় মহিলা দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তাঁরা হলেন- স্মৃতি মান্ধানা, জেমাইমা রডরিগেজ, যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা। সকলেই মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলছেন।
ঘোষিত ভারকীয় দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, প্রিয়া পুনিয়া, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, মিন্নু মনি, প্রিয়া মিশ্র, রাধা যাদব, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, সাইমা ঠাকোর।












Click it and Unblock the Notifications