আইপিএল নিলামে কাদের নিয়ে তুঙ্গে উঠবে ফ্র্যাঞ্চাইজিদের লড়াই? কী পরিমাণ অর্থ রয়েছে দলগুলির হাতে?
আইপিএলের মেগা নিলাম ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতেই হবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। ঝাড়াই-বাছাই করে তৈরি হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের তালিকা। সেই ক্রিকেটারদের মধ্যে ২২৮ জন জাতীয় দলের হয়ে খেলেছেন। জাতীয় দলে অভিষেক হয়নি এমন ক্রিকেটারের সংখ্যা ৩৫৫। সেই সঙ্গে অ্যাসোসিয়েট দেশের ৭ জন ক্রিকেটার ভাগ্যপরীক্ষার দিকে তাকিয়ে।
|
কার ঝুলিতে কত অর্থ?
চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স- তিনটি দলই নিলামে যাবে ৪৮ কোটি টাকা নিয়ে। দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে রয়েছে ৪৭.৫ কোটি টাকা। পাঞ্জাব কিংস যাবে সবচেয়ে বেশি ৭২ কোটি টাকা নিয়ে, তারপরই রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ যাদের হাতে রয়েছে ৬৮ কোটি। রাজস্থান রয়্যালস ৬২ কোটি, লখনউ সুপার জায়ান্টস ৫৯ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫৭ কোটি ও টিম আমেদাবাদ ৫২ কোটি টাকা নিয়ে অংশ নেবে ক্রিকেটার নেওয়ার লড়াইয়ে।
|
শূন্যস্থানের সংখ্যা
চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে বেশি ২১ জন ক্রিকেটার নিতে পারবে। ২২ জন করে ক্রিকেটার নিতে পারবে লখনউ সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ ও টিম আমেদাবাদ। পাঞ্জাব কিংস নিতে পারবে ২৩ জন ক্রিকেটার। নিলাম থেকে পাঞ্জাব কিংস সবচেয়ে বেশি ৮ বিদেশি নিতে পারবে, কলকাতা নাইট রাইডার্স নিতে পারবে ৬ বিদেশিকে। বাকি দলগুলি নিলাম থেকে সর্বাধিক সাতজন করে বিদেশিকে দলে নিতে পারবে।

নজরে ভারতীয় ক্রিকেটাররা
ক্যাপড বা আনক্যাপড যে ক্রিকেটারদের নিতে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভালোই টক্কর হওয়ার সম্ভাবনা তাঁদের মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য নামটি হলো ঈশান কিষাণকে। তাঁকে নিতে চেয়েছিল আইপিএলের নবাগত দুই দল লখনউ ও আমেদাবাদ। কিন্তু নিজের নাম আরও বেশি দর পাওয়ার প্রত্যাশায় নিলামের তালিকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিষাণ। হর্ষল প্যাটেল আগের আইপিএলেই সবচেয়ে বেশি উইকেট পেয়েছিলেন। তাঁকে নিতেও আগ্রহী অনেক ফ্র্যাঞ্চাইজি। ভারতীয়দের মধ্যে আরও যাঁদের নিতে আগ্রহ দেখাবে ফ্র্যাঞ্চাইজিরা তাঁরা হলেন শাহরুখ খান, দেবদত্ত পাড়িক্কল, সুরেশ রায়না ও দীনেশ কার্তিক। শাহরুখ খান নিজের বেস প্রাইস ২০ লক্ষ থেকে বাড়িয়ে ৪০ লক্ষ রেখেছেন।
|
বিদেশিরা নজর কাড়বেন
পিছিয়ে নেই বিদেশিরাও। টি ২০ বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার তথা অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শের জন্য ঝাঁপাবে অনেক ফ্র্যাঞ্চাইজি। ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ জেতানো জেসন হোল্ডারও বড় দর পেতে পারেন। ডোয়েইন ব্র্যাভো, নিকোলাস পুরাণদের দিকেও থাকবে নজর। সবচেয়ে বড় চমক হতে পারেন বেবি এবি নামে পরিচিত দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দুরন্ত ফর্মে থাকা ১৮ বছরের ডেওয়াল্ড ব্রেভিস। তাঁর মধ্যে অনেকেই এবি ডি ভিলিয়ার্সের মিল পাচ্ছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এখনও অবধি তিনিই সর্বাধিক রান করেছেন। আইপিএলে বেস প্রাইস যাতে দল পেতে বাধা তৈরি না করে সে কথা মাথায় রেখেই ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ওডিয়ান স্মিথ বেস প্রাইস ২ কোটি থেকে কমিয়ে ১ কোটিতে আনার সিদ্ধান্ত নিয়েছেন।












Click it and Unblock the Notifications