রঞ্জি ট্রফি শুরুর আগেই ঘোর বিপদে বাংলা, কোভিড আক্রান্ত শিবিরের সাত
প্রবল ধাক্কা খেল রঞ্জি ট্রফি'র জন্য বাংলা'র প্রস্তুতি। রবিবার রাতে সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটার মিলিয়ে বাংলা'র সাত জনের কোভিড পজিটিভ রিপোর্ট সামনে এসেছে। যার জেরে কিছু দিনের জন্য প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি এবং জেলা ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

এই প্রসঙ্গে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, "আপাতত স্থানীয় ক্রিকেট স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি সিএবি-তে নথিভুক্ত ১৫ থেকে ১৮ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের গ্রুতি ভ্যাকসিনেশনের ব্যবস্থা করছে সিএবি।"
কোভিড মহামারির জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়ে থাকা স্থানীয় টুর্নামেন্টগুলির ভবিষ্যৎ কী এবং কোন পথে এগনো হবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য ৪ জানুয়ারি অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে সিএবি'তে। সেখানেই ঠিক করা হবে স্থানীয় টুর্নামেন্টগুলির রূপ রেখা।
সিএবি'র তরফ থেকে কোনও নাম প্রকাশ না করা হলেও জানা গিয়েছে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, কাজি জুনাইদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত যাদব, গীত পুরি এবং স্পিন বোলিং কোচ সৌরশাসি লাহিড়ী।
ওমিক্রন-এর প্রভাবে লাগামছাড়া হারে বৃদ্ধি পাওয়া কোভিডের কারণে বিপর্যন্ত জনজীবন। ক্রিকেটারদের শরীরী অবস্থার সঠিক দিশা পেতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা পরীক্ষা করানো হয়েছিল। রবিবার রাতে সেই পরীক্ষার রিপোর্ট হাতে আসে সিএবি'র।
রঞ্জি ট্রফি শুরু হতে বাকি মাত্র ১১ দিন। তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে জোর কদমে চলছে বাংলা'র প্রস্তুতি। সোমবার শহরে পা রাখার কথা পৃথ্বী শ-এর নেতৃত্বাধীন মুম্বই দলের। মঙ্লবার বাংলার প্রস্তুতি ম্যাচ খেলার কথা সিসিএফসি মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে। এর পর আরও কেটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। কিন্তু এই পরিস্থিতিতে আদৌ সেই ম্যাচ আয়োজন করা সম্ভব হবে কি না, সেটাই বড় প্রশ্ন। মুম্বই শিবির থেকে জানানো হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচে তারা অংশ নেবে না। তবে, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে কোনও সমস্যা নেই।












Click it and Unblock the Notifications