ICC T20 WC: পাপুয়া নিউ গিনির দুরন্ত লড়াই ব্যর্থ, টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের দিকে স্কটল্যান্ড
টি ২০ বিশ্বকাপে জয়ের ধারাবাহিকতা অব্যাহত স্কটল্যান্ডের। বাংলাদেশের পর এবার হারাল পাপুয়া নিউ গিনিকে। সেই সুবাদে সুপার টুয়েলভের দিকেও পা বাড়াল কাইল কোয়েটজারের দল। টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে প্রথম রাউন্ডের গ্রুপ বি-র শীর্ষস্থান দখলে নিল স্কটল্যান্ড। পাপুয়া নিউ গিনি প্রথম ম্যাচে ওমানের কাছে ১০ উইকেটে হারলেও এদিন হারল ভালো লড়াই চালানোর পর।

আল আমিরাতে এদিনের ম্যাচে টস জিতে স্কটল্যান্ড ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩.৪ ওভারে ২৬ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার। জর্জ মুন্সে ১৫ ও অধিনায়ক কাইল কোয়েটজার ৬ রান করেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে অনবদ্য ৯২ রান যোগ করে স্কটল্যান্ডকে শক্ত ভিতের উপর দাঁড় করান উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ক্রস ও রিচি বেরিংটন। ক্রস ৩৬ বলে ৪৫ রান করেন। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৭০ রান করেন চারে নামা বেরিংটন। তবে ইনিংসের শেষ ১০ বলে ১৪ রান তোলার ফাঁকে ৬ উইকেট হারায় স্কটল্যান্ড। শেষ তিন বলে তিন উইকেট। ফলে ৯ উইকেটে ১৬৫ রানের বেশি এগোতে পারেনি স্কটল্যান্ড। কাবুয়া মোরেয়া ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। চ্যাড সোপার ২৪ রানে ৩ উইকেট দখল করেন।
A brilliant performance from Scotland 🔥#T20WorldCup | #SCOvPNG | https://t.co/8Z5l4YEzYa pic.twitter.com/2UwiK5eYlV
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2021
জবাবে খেলতে নেমে পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় পাপুয়া নিউ গিনি। ৬ ওভারের শেষে তাদের স্কোর ছিল ৫ উইকেটে ৩৫। সকলেই যখন ধরে নিয়েছেন সহজেই বড় ব্যবধানে জয় পাবে স্কটল্যান্ড, তখনই মরিয়া লড়াই চালাতে শুরু করেন পাপুয়া নিউ গিনির ব্যাটাররা। ১১.৩ ওভারে ৬৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে পাপুয়া নিউ গিনি ১৯.৩ ওভারে অল আউট হল ১৪৮ রানে। স্কটল্যান্ডের জয়ের ব্যবধান হল ১৭ রানের। নরম্যান ভানুয়া সর্বাধিক ৪৭ রান করেন। ৩৭ বলের ইনিংসে রয়েছে দুটি চার ও দুটি ছয়। সেসে বাউ ২৪, কিপলিন ডরিগা ও অধিনায়ক আসাদ ভালা ১৮ এবং চ্যাড সোপার ১৬ রান করেন। স্কটল্যান্ডের জশ ডেভি ৩.৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। আগের ম্যাচের নায়ক ক্রিস গ্রিভস ব্যাট হাতে মাত্র ২ রান করেন, বল হাতে পান ১ উইকেট। ম্যাচের সেরা হয়েছেন বেরিংটন।
Soper has two in an over ☝️
— T20 World Cup (@T20WorldCup) October 19, 2021
He gets the scalps of MacLeod and Berrington as they try to up the ante.#T20WorldCup | #SCOvPNG | https://t.co/8Z5l4YWaPI pic.twitter.com/b0cqHfPpa1
এই জয়ের ফলে স্কটল্যান্ডের পয়েন্ট হল ২ ম্যাচে ৪, নেট রান রেট ০.৫৭৫। পাপুয়া নিউ গিনি দুটি ম্যাচেই হারল। আজ বাংলাদেশ ও ওমানের বিরুদ্ধে ম্যাচের পর পয়েন্ট তালিকা কী দাঁড়ায় তা কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। বৃহস্পতিবার পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। ওইদিনই ওমান ও স্কটল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। তবে টানা দুটি জয় ছিনিয়ে নেওয়ায় স্কটল্যান্ড সুপার টুয়েলভের দিকে পা বাড়াল। বাংলাদেশ যদি ওমানের কাছে হেরে যায় তাহলে টি ২০ বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে মাহমুদুল্লাহর দলের।












Click it and Unblock the Notifications