সময় নষ্ট না করে লোধা কমিটির সুপারিশ মানুন, বিসিসিআইকে নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ৬ অক্টোবর : সুপ্রিম কোর্টের সময় নষ্ট করবেন না। বিচারপতি আরএম লোধার নেতৃত্বে কমিটি যে সুপারিশগুলি সংষ্কারের লক্ষ্যে করেছে তা মেনে চলুন। সর্বোচ্চ আদালতের কড়া নির্দেশ, হয় নির্দেশ মানুষ অথবা আপনারা সরে যান। অর্থাৎ সবদিক থেকেই লোধা কমিটির নির্দেশ মানতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। শুক্রবার ৭ অক্টোবর এই নিয়ে চূড়ান্ত রায় দেবে আদালত। ['বিসিসিআইয়ের মাথায় বসা সবাইকেই ছেঁটে ফেলা হোক', সুপ্রিম কোর্টে আর্জি লোধা কমিটির]
এদিন সুপ্রিম কোর্ট ফের একবার সরাসরি ভর্ৎসনা করেছে বিসিসিআইকে। সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এদিন বলে, নিজেদের সিদ্ধান্ত জানান, প্রতিশ্রুতি দিন অথবা আমরাই অর্ডার পাস করে দিচ্ছি। এর পাশাপাশি এদিন কোনও রাজ্য সংস্থাকে টাকা দিতেও নিষেধ করে দিয়েছে আদালত।

আদালতের নির্দেশ, কোনও রাজ্য সংস্থা লোধা কমিটির নিয়ম না মানলে তাদের যেন অনুদানের টাকা না দেওয়া হয়। তবে নাছোড়বান্দা ছিল ভারতীয় বোর্ডও।
আদালতে তাঁরা জানায়, রাজ্য সংস্থাগুলিকে টাকা দেওয়া হবে কিনা এই বিষয়ে কোনও প্রতিশ্রুতি তাঁদের পক্ষ্যে দেওয়া সম্ভব নয়। এমনকী লোধা কমিটির সমস্ত সুপারিশ মানা হবে কিনা তাও হলফ করে বলা সম্ভব নয়। এরপরই কার্যত আদালতে ভর্ৎসিত হয় বিসিসিআই।
এর আগে লোধা কমিটি আদালতে জানায়, সভাপতি অনুরাগ ঠাকুর সহ বিসিসিআইয়ের উপরের তলার সমস্ত আধিকারিককে সরিয়ে দেওয়া হোক। আদালতে এও অভিযোগ জানানো হয় যে লোধা কমিটির সুপারিশের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সংস্থা মিলিয়ে মোট ৪০০ কোটি টাকা বিলি করা হয়েছে।
এর জবাবে বিসিসিআইয়ের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। নিয়মমাফিকই এই টাকা রাজ্য সংস্থাগুলিকে দেওয়া হয়েছে বলে আদালতে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications