সৌরভ কুমার ভারতীয় টেস্ট দলে বড় চমক! রোহিতের এই অলরাউন্ডার অস্ত্র সম্পর্কে তথ্য জানা আছে কি?
অস্ট্রেলিয়া সফর শেষে ভারত সফরে আসছে শ্রীলঙ্কা। ২৪ ফেব্রুয়ারি লখনউয়ে প্রথম টি ২০ আন্তর্জাতিক। পরের দুটি টি ২০ আন্তর্জাতিক চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ ধরমশালায়। ৪ মার্চ থেকে শুরু টেস্ট সিরিজ। প্রথম টেস্ট মোহালিতে। দিন-রাতের দ্বিতীয় টেস্ট বেঙ্গালুরুতে ১২ মার্চ থেকে। এই সিরিজের ভারতীয় দল ঘোষণা হলো আজ। সেই দলেই চমক সৌরভ কুমার।
টেস্ট দলে সৌরভ
সৌরভ কুমারের বয়স ২৮, ১ মে তিনি ২৯ পূর্ণ করবেন। জন্ম বাঘপতে। বাঁ হাতে ব্যাট করেন, স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলার। আইপিএলে দুটি দলে ছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্ট ও পাঞ্জাব কিংস। উত্তরপ্রদেশের হয়ে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচে ১৫৭২ রান করেছেন, ২টি শতরান ও আটটি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক ১৩৩। ৫০ ওভারের ক্রিকেটে তিনি ২৫ ম্যাচে ১৭৩ রান করেছেন। ৩৩টি টি ২০ খেলেছেন, রান করেছেন ১৪৮। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর উইকেটের সংখ্যা ১৯৬। সেরা বোলিং ৩২ রানে ৭ উইকেট। ইনিংসে ৯ বার চার উইকেট নিয়েছেন, পাঁচ উইকেট ১৬ বার। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৬ বার। এ ছাড়া ৫০ ও ২০ ওভারের ক্রিকেটে যথাক্রমে ৩৭ ও ২৪টি উইকেট পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে তিনি দুটি ম্যাচে চার উইকেট দখল করেন।
প্রশংসা চেতনের
আজ দল ঘোষণার সময় সৌরভ সম্পর্কে জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান চেতন শর্মা বলেছেন, ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো খেলছেন সৌরভ। ভারতীয় এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন। নির্বাচকরা সকলেই তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট। উত্তরপ্রদেশের এই বাঁহাতি স্পিনার ভালোই বোলিং করছেন। ভারতীয় দলের সঙ্গে নেট বোলার বা স্ট্যান্ডবাই হিসেবেও থাকেন। দক্ষিণ আফ্রিকা সফরেও স্ট্যান্ডবাই ছিলেন। এবার তাঁকে দলে নেওয়া হলো। উল্লেখ্য, সৌরভ সৈয়দ মুস্তাক আলি টি ২০-তেও দারুণ ছন্দে ছিলেন। রঞ্জি ট্রফিতে তিনি ৮ ম্যাচে ৪৪ উইকেট নেন ও ২৮৫ রান করেন। রঞ্জিতে অভিষেক মরশুমে ৩০৪ রান করার পাশাপাশি নেন ১৭ উইকেট। পরের মরশুমে পান ২৩ উইকেট। বরোদার বিরুদ্ধে তিনি কুলদীপ যাদবের সঙ্গে অষ্টম উইকেট জুটিতে ১৯২ রান যোগ করেছিলেন, শতরানও পান। চলতি রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে তিনি বিদর্ভের বিরুদ্ধে ১৬০ রানে ৩ উইকেট নিয়েছেন।
বেদীর নজরে পড়েছিলেন
সৌরভের বাবা আকাশবাণীর অবসরপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার। বাঘপত থেকে সপ্তাহে তিনদিন সৌরভ সুনীতা শর্মার আকাদেমিতে প্রশিক্ষণ নিতে যেতেন। যাতায়াতে লাগত পাঁচ ঘণ্টার বেশি ময়। সৌরভের বাবা ছেলের সঙ্গে দিল্লিতে থাকার জন্য ওভারটাইম করতেন। বিষেণ সিং বেদীর নজরে প্রথমে পড়েছিলেন সৌরভ। তারপর উত্তরপ্রদেশের জুনিয়র দলের হয়ে খেলার পাশাপাশি রঞ্জি ট্রফিতে মেলে সুযোগ। শুরুটা অবশ্য মসৃণ ছিল না। উত্তরপ্রদেশের রঞ্জি দলে জায়গা না পেয়ে প্রথমবার রঞ্জি খেলেছিলেন সার্ভিসেসের হয়ে, ২০১৪-১৫ মরশুমে। ২০১৫-১৬ মরশুমে উত্তরপ্রদেশের হয়ে প্রথম ম্যাচেই গুজরাতের বিরুদ্ধে নেন ১০ উইকেট। এরপর আর ফিরে তাকাতে হয়নি। গত রঞ্জি ট্রফিতে তিনি ৪৪ উইকেট নেন। ২০১৮-১৯ মরশুমে তিনি সবমিলিয়ে ৫১টি উইকেট নেন, যার মধ্যে দলীপেই ছিল ১৯টি। এই পারফরম্যান্সের সুবাদেই তিনি ভারতীয় এ দলে ডাক পান দক্ষিণ আফ্রিকা সফরের জন্য।
লক্ষ্য স্থির
সৌরভ কুমার স্বাভাবিকভাবেই খুশি টেস্ট দলে ডাক পেয়ে। অভিষেক যদি হয় তারও মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে তিনি পুরোপুরি কনভেনশনাল স্পিনার। সাফ জানিয়ে দিলেন, ক্যারম-ভ্যারম বল তিনি করেন না। হাওয়ায় ভাসিয়ে বল ঘুরিয়েই বাজিমাত করা সব সময় লক্ষ্য থাকে তাঁর।












Click it and Unblock the Notifications