সাট্টা বাজারে ভারত-নিউজিল্যান্ড সেমি ফাইনালের দর দেড়শো কোটির বেশি
ভারত ও নিউজিল্য়ান্ডের মধ্যে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল ম্যাচ ঘিরে দিল্লির সাট্টা বাজারে যেন সুনামি আছড়ে পড়েছে।
ভারত ও নিউজিল্য়ান্ডের মধ্যে বিশ্বকাপের প্রথম সেমি ফাইনাল ম্যাচ ঘিরে দিল্লির সাট্টা বাজারে যেন সুনামি আছড়ে পড়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই হাই ভোল্টোজ ম্যাচকে ঘিরে রাজধানীর অবৈধ সাট্টা বাজারে বেটিংয়ের দর দেড়শো কোটি ছাড়িয়ে গেছে।

মূলত আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বুকিরা ফরিদাবাদ, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রামে এই বেটিং চক্র চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ইলেকট্রনিক সার্ভাইলেন্সের মাধ্যমে সেই বেটিং চক্রগুলির খোঁজ চালাচ্ছেন দিল্লি পুলিশের গোয়েন্দারা। পুরনো দিল্লি এবং কারোল বাগের বিভিন্ন ফাইভ স্টার হোটেলেও বুকিদের খোঁজে চলছে তল্লাশি।
এর আগে দিল্লির এমনই এক ফাইভ স্টার হোটেল থেকে এক শিক্ষিত, অর্থবান বুকিকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার বাকি সঙ্গীদের খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সাট্টা বাজারে ভারতকেই ফেভারিট ধরা হচ্ছে। আবার একটা অংশ যে দল টসে জিতবে, তার উপর টাকা লাগিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এও জানানো হয়েছে, ভারত ও নিউজিল্যান্ডের বেস বেটিং রেট যথাক্রমে ৪.৩৫ ও ৪৯ টাকা।

২০১১-র মতো ইংল্যান্ড বিশ্বকাপেও দিল্লির সাট্টা বাজারে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডের রেট বেশ ভালো বলে জানিয়েছে পুলিশ। কত রানে ম্যাচের ফয়সলা হবে, তার উপরও বেট লাগানো হয়েছে বলে জানানো হয়েছে। ভারত বা নিউজিল্যান্ড যেই আগে ব্যাট করুক, তার স্কোর ৪০০ কিংবা তার আশেপাশে ধরা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুই দলের সেরা খেলোয়াড়দের পারফরম্যান্স ধরেও দিল্লির সাট্টা বাজারে দর হাঁকানো হয়েছে বলে জানা গিয়েছে। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও জসপ্রীত বুমরার দর সবচেয়ে বেশি বলে গোয়ান্দা সূত্রে খবর।












Click it and Unblock the Notifications