সরফরাজ খানের ব্যাটে ফের সেঞ্চুরি! অস্ট্রেলিয়া সিরিজে ব্রাত্য থাকতেই রঞ্জিতে জ্বলে উঠলেন মুম্বইয়ের হয়ে
সরফরাজ খানকে না নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে ডাকা হয়েছে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে। নির্বাচকদের এই সিদ্ধান্তকে অনেকেই সমর্থন করছেন না। পরপর দুই মরশুম ধরে রঞ্জি ট্রফিতে অনবদ্য পারফরম্যান্স উপহার দিলেও কোন মাপকাঠিতে সরফরাজ ভারতের টেস্ট দলে সুযোগ পাচ্ছেন না, সেই প্রশ্ন জোরালো হচ্ছে। যদিও বিসিসিআই বা নির্বাচকদের তরফে কোনও সদুত্তর মেলেনি।

ভারতের টেস্ট দলে ফের ব্রাত্য থাকার পরই ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন সরফরাজ খান। গত রঞ্জি মরশুমে তিনি সর্বাধিক রান করেছিলেন। ৬ ম্যাচে ৯ ইনিংসে ১ বার অপরাজিত থেকে তিনি করেছিলেন ৯৮২ রান, সর্বাধিক স্কোর ছিল ২৭৫। গড় ১২২.৭৫, চারটি শতরান ও ২টি শতরান পেয়েছিলেন। গতবারের রঞ্জিতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সরফরাজের পর দ্বিতীয় স্থানে ছিলেন রজত পাটীদার, তিনি ৬ ম্যাচে ৬৫৮ রান করেছিলেন। শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শতরানকারী রজতকে আজই ভারতের ওডিআই দলে নেওয়া হয়েছে।
সরফরাজ এবারের রঞ্জিতে তৃতীয় শতরানটি পেলেন। অন্ধ্রর বিরুদ্ধে তিনি করেছিলেন ৫ রান। হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ১২৬ রানে। সৌরাষ্ট্রের বিরুদ্ধে তিনি ৭৫ ও ২০ রানের ইনিংস খেলেন। তামিলনাড়ুর বিরুদ্ধে ১৬২ ও অপরাজিত ১৫ রান করেছিলেন। অসমের বিরুদ্ধে অপরাজিত ছিলেন ২৮ রানে। আজ দিল্লিতে তিনি মুম্বইয়ের হয়ে পাঁচে ব্যাট করতে নেমে খেললেন ১৫৫ বলে ১২৫ রানের ইনিংস। যখন ব্যাট করতে নেমেছিলেন তখন মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৬২। সরফরাজ নামার পর অজিঙ্ক রাহানে আউট হলে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬৬। ১১০ রানে পঞ্চম উইকেট হারিয়েছিল মুম্বই। যদিও এরপর শামস মুলানিকে নিয়ে ১৪৪ রানের পার্টনারশিপ গড়ে মুম্বইকে লড়াইয়ে ফেরান সরফরাজ।
দিল্লির বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে ৭৯.২ ওভারে মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৯৩ রানে। পৃথ্বী শ ৩৫ বলে ৪০ রান করেন। মুলানি করেন ৩৯। তবে অধিনায়ক অজিঙ্ক রাহানে ২৫ বল খেলে ২ রানের বেশি করতে পারেননি। দিল্লির হয়ে চার উইকেট দখল করেন প্রাংশু বিজয়রণ। সরফরাজ খান এবারের রঞ্জিতে ষষ্ঠ ম্যাচটি খেলছেন। ৮ ইনিংসে তাঁর রান ৫৫৬, তিনটি শতরান করেছেন। রাহানেও ষষ্ঠ ম্যাচ খেলছেন, তাঁর রান ৫৩৪। রাহানে এবারের রঞ্জিতে দুটি শতরান হাঁকিয়েছেন। এদিন দিল্লির বিরুদ্ধে শতরান হাঁকিয়ে সরফরাজ ফের নির্বাচকদের উপর চাপ বাড়ালেন। কেন না, অনেকেই সাফ বলছেন, রঞ্জি ট্রফির পারফরম্যান্সই টেস্ট দলে সুযোগের মাপকাঠি হওয়া উচিত।












Click it and Unblock the Notifications