Sarfaraz Khan: বিতর্কের শেষ নেই, ‘অক্রিকেটীয় সেলিব্রেশন’ নিয়ে বোর্ডকে পাল্টা ব্যাখ্যা সরফরাজ ঘনিষ্ঠের
ভারতীয় ক্রিকেটে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন সরফরাজ খান।ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করার পরও জাতীয় দলে ব্রাত্যই থাকতে হয়েছে মুম্বইয়ের এই ক্রিকেটারকে। বিসিসিআই টেস্ট এবং ওডিআইয়ের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা করেছে। টি-টোয়েন্টি সিরিজের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি। যদিও এবারও সরফরাজ খানকে দলে জায়গা দেয়নি বিসিসিআই-এর নির্বাচক দল।
যা নিয়ে বিতর্কের সূত্রপাত। সম্প্রতি বোর্ডের এক কর্তা সরফরাজকে দলে না নেওয়ার কারণ বিশ্লেষণ করেন। ভারতীয় দলে জায়গা না পাওয়ার জন্য মুম্বইকরের ফিটনেস এবং আচরণগত সমস্যাকেই দায়ী করে বোর্ড। কিন্তু ক্রিকেটারের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে বিসিসিআই কর্তার দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। যা বিতর্কের নতুন ইন্ধন জুগিয়েছে।

এই প্রসঙ্গে সরফরাজ ঘনিষ্ঠ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'দিল্লি ম্যাচে শতরান করার পর সরফরাজ যে সেলিব্রেশন করেন তা সতীর্থ এবং কোচ অমল মজুমদারের উদ্দেশ্যে। কঠিন অবস্থা থেকে সরফরাজ দলকে উদ্ধার করেন। তাই সতীর্থদের জন্য ছিল তাঁর সেলিব্রেশন। মাঠে উপস্থিত নির্বাচক সুনীল অঙ্কোলার জন্য নয়।'

একইসঙ্গে বোর্ডকর্তার বক্তব্য, "রঞ্জিতে দুটো মরসুমে ৯০০ রান করা ব্যাটসম্যানকে নেবে না, নির্বাচকেরা অতটাও বোকা নয়। এরজন্য নির্দিষ্ট কিছু কারণ আছে। প্রথমত, সরফরাজের ফিটনেস মোটেই আন্তর্জাতিক মানের নয়। ওকে কঠোর পরিশ্রম করে ওজন ঝরিয়ে অনেক রোগা এবং ফিট হতে হবে। তা হলেই দলে সুযোগ পাবে। দ্বিতীয়ত, মাঠে এবং মাঠের বাইরে ওর আচরণ খুব একটা ভাল নয়।'
৩৭টি রঞ্জি ট্রফির ম্যাচে তাঁর রান ৩৫০৫। গড় ৭৯.৬৫। স্ট্রাইক রেট ৭০.২১। সঙ্গে রয়েছে ১৩টি শররান ও ৯টি অর্ধ শতরান। সর্বোচ্চ ২০১৯-২০ মরসুমে উত্তর প্রদেশের বিরুদ্ধে ৩৯১ বলে অপরাজিত ৩০১ রান। সেই ইনিংসে মেরেছিলেন ৩০টি চার ও ৮টি ছক্কা।













Click it and Unblock the Notifications