পৃথ্বী শ-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ভোজপুরী অভিনেত্রীর, জামিন পেয়েই চাঞ্চল্যকর তথ্য ফাঁস
পৃথ্বী শ-র বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগ আনলেন ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিল। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না জামিন পেয়েই মুম্বই এয়ারপোর্ট থানায় অভিযোগগুলি দায়ের করেছেন।
পৃথ্বী শ কি বড়সড় সমস্যায় পড়তে চলেছেন? গ্রেফতার হতে পারেন? এইসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। তার কারণ জামিন পেয়েই পৃথ্বীর দিকে বাউন্সার ছুড়েছেন স্বপ্না গিল। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ভোজপুরী অভিনেত্রী স্বপ্না গিল শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন মুম্বইয়ের ব্যাটারের বিরুদ্ধে।

পৃথ্বীর অস্বস্তি বাড়ছে?
স্বপ্নাকে গতকাল বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর কিছুক্ষণের মধ্যে জামিনে মুক্তি দেয় আন্ধেরির আদালত। পৃথ্বী শ-র উপর হামলা এবং তাঁর বন্ধুর গাড়ি ভাঙচুর, অর্থ দাবি করার মতো একাধিক অভিযোগে স্বপ্না ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় জামিন পেয়েই স্বপ্না এবার পৃথ্বীর বিরুদ্ধে বোমা ফাটালেন। শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন মুম্বই এয়ারপোর্ট থানায়। যদিও তা এখনও এফআইআরে পরিণত হয়েছে কিনা সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। সামনেই আইপিএল। ফলে পৃথ্বী শ-র অস্বস্তি বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কী হয়েছিল সেই রাতে?
স্বপ্না গিলের দাবি অনুযায়ী, তিনি ওই পাঁচতারা হোটেলে গিয়েছিলেন গত ১৫ ফেব্রুয়ারি। সেখানে পৃথ্বী মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। স্বপ্নার বন্ধু শোভিত ঠাকুর পৃথ্বীকে চিনতে পেরে তাঁর সঙ্গে সেলফি তুলতে যান। তখন পৃথ্বী দুর্ব্যবহার শুধু করেননি, শোভিতের মোবাইল মাটিতে আছড়ে ফেলে দেন। স্বপ্নার দাবি, তিনি ক্রিকেটের ফ্যান নন, পৃথ্বীকেও চেনেন না। কিন্তু যেভাবে শোভিতের উপর পৃথ্বী ও তাঁর সঙ্গীরা চড়াও হয়েছিলেন, তখন বন্ধুকে বাঁচাতে তিনি এগিয়ে যান বলে জানান স্বপ্না। অনুরোধ করেন, তাঁর বন্ধুকে মারধর না করতে।

আপত্তিকর স্পর্শ
পৃথ্বী শ সেই সময় আপত্তিজনকভাবে স্বপ্নাকে স্পর্শ করেন বলে অভিযোগ। স্বপ্না তখন পৃথ্বী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর কথা বললে তাঁরা ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং অনুরোধ করেন পুলিশে বিষয়টি না জানানোর জন্য। সে কারণে তিনি থানায় অভিযোগ জানাননি বলেও দাবি করেছেন স্বপ্না।

অভিযোগ ওড়ালেন স্বপ্না
স্বপ্না গিলের বিরুদ্ধে ৫০ হাজার টাকার বিনিময়ে মিটমাট করিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এর প্রেক্ষিতে স্বপ্নার পাল্টা দাবি, ৫০ হাজার টাকায় আজকাল কী হয়? আমি দুটি রিল বানিয়ে একদিনে তা আয় করতে পারি। উল্লেখ্য, পৃথ্বী শ-র বন্ধুর দায়ের করা মামলায় স্বপ্নাকে গ্রেফতার করেছিল পুলিশ। শোভিত-সহ আরও কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে। তবে জামিনে মুক্ত হয়ে স্বপ্না যে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন তার জল কতদূর গড়ায় সেটাই দেখার।












Click it and Unblock the Notifications