Sanju Samson: বাংলাদেশ সিরিজেই অগ্নিপরীক্ষা সঞ্জুর, সেরা সুযোগেই জায়গা পাকা করার চ্যালেঞ্জ
Sanju Samson: সঞ্জু স্যামসনের কার্যত অগ্নিপরীক্ষা হতে চলেছে ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ। শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের অনুপস্থিতিতে তিনি ওপেন করবেন।
শ্রীলঙ্কা সফরে দুটি টি২০ আন্তর্জাতিকেই শূন্য রানে আউট হয়েছিলেন। তাতে মনে হয়েছিল, ভারতীয় দল থেকে এবার বুঝি বাদ পড়বেন সঞ্জু। যদিও তা হয়নি। সঞ্জুকে রেখেই বাংলাদেশ সিরিজের দল বেছে নিয়েছেন নির্বাচকরা।

দলীপ ট্রফির প্রথম ম্যাচে সঞ্জু ভারতীয় ডি দলের হয়ে ৫ ও ৪০ রান করেছিলেন ভারতীয় এ দলে বিরুদ্ধে। এরপর ভারতীয় বি দলের বিরুদ্ধে তিনি ১০৬ ও ৪৫ রান করেন। টেস্ট দলে সঞ্জুর সুযোগের সম্ভাবনা নেই বললেই চলে। ভরসা টি২০ ও একদিনের আন্তর্জাতিক।
সঞ্জু টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১ রানে আউট হয়েছিলেন। টি২০ বিশ্বকাপের দলে থাকলেও কোনও ম্যাচেই প্রথম একাদশে জায়গা পাননি। সব ফরম্যাটেই ভারত উইকেটকিপার ঋষভ পন্থকে রাখবেই। পন্থ বিশ্রামে থাকলে তবে অন্য উইকেটকিপার সুযোগ পাবেন।
যদিও একই দলে একাধিক উইকেটকিপার খেলানোর নজির যে নেই তা নয়। তাছাড়া বর্তমানে ভারতীয় দলে উইকেটকিপারদের মধ্যে থেকে দলে সুযোগের লড়াইও তীব্রতর হয়েছে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সঞ্জুর সঙ্গে দৌড়ে থাকছেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, ঈশান কিষাণ, জিতেশ শর্মাও।
টি২০ বিশ্বকাপের পর ভারত গিয়েছিল জিম্বাবোয়ে সফরে। সেখানে একটি ম্যাচে সঞ্জু ১২ রানে অপরাজিত ছিলেন, তারপর শেষ ম্যাচে করেন ৫৮। কিন্তু শ্রীলঙ্কা সফরের ব্যর্থতা সঞ্জুর কাজটা কঠিনই করে দিয়েছে। তবুও গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দলে জায়গা ধরে রেখেছেন কেরলের সঞ্জু।
গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে রবিবার ভারত-বাংলাদেশ দ্বৈরথ। তারপর বাকি দুচি ম্যাচ হবে দিল্লি ও হায়দরাবাদে। তিনটি স্টেডিয়ামেই ব্যাটিং সহায়ক পিচ থাকবে। ফলে সঞ্জুর নিজের যোগ্যতা ও দক্ষতার প্রতি সুবিচারের সেরা সুযোগ হতে চলেছে আসন্ন সিরিজ। যদিও ব্যর্থ হলে তাঁকে আর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে না বলেই মনে করা হচ্ছে।
২০১৫ সালে টি২০ আন্তর্জাতিক অভিযেক হয়েছিল সঞ্জুর। তারপর ৩০টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন দেশের হয়ে। পাঁচটি ইনিংসে ওপেন করে ১০৫ রান করেছেন। তাঁর কেরিয়ারের সেরা স্কোর ৭৭-ও ওপেনার হিসেবেই। তিন নম্বরে তিনবার নেমে করেছেন ৩৩ রান। চারে নেমে ১১টি ইনিংসে তাঁর ২১৩ রান রয়েছে।
সঞ্জু টি২০ আন্তর্জাতিকে পাঁচটি ম্যাচে মোট ৬২ রান করেছেন। ছয় ও সাতে নেমেছেন একবার করে। রান করেছেন যথাক্রমে ১২ ও ১৯। ৩০টি টি২০ আন্তর্জাতিকে ২৬টি ইনিংসে ব্যাট করেছেন স্যামসন।












Click it and Unblock the Notifications