বড় ধাক্কা ভারতের শিবিরে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন সঞ্জু স্যামসন
বড় ধাক্কা ভারতের শিবিরে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন সঞ্জু স্যামসন
শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের পরবর্তী দুই ম্যাচে সঞ্জু স্যামসনের সার্ভিস পাবে না ভারতীয় দল। প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে হাঁটুতে চোট পান সঞ্জু। সেই চোট এখনও সেরে ওঠেনি। এর ফলে সঞ্জুকে পাওয়া যাবে না এই সিরিজের বাকি ম্যাচগুলিতেও। সরকারী ভাবে বুধবার এই কথা জানিয়ে দেয় বিসিসিআই। পুনেতে দলের সঙ্গে যাননি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অধিনায়ক।

সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন জীতেশ শর্মা। পাঞ্জাব কিংসের এই উইকেটরক্ষক- ব্যাটসম্যান আইপিএল ২০২২-এ প্রভাবিত করেছিলেন, মনে করা হচ্ছে তারই পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।
থার্ড ম্যানে ফিল্ডিং করার সময়ে সঞ্জু হাঁটুতে চোট পেয়েছিলেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। চোটের কারণে মুম্বইতেই থেকে গিয়েছেন তিনি। বিসিসিআই-এর মেডিক্যাল টিম বুধবার তাঁর পায়ে স্ক্যান করায় এবং বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া হয়েছে সঞ্জুর চোটের বিষয়ে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম সঞ্জু স্যামসনকে বর্তমানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। প্রথম ম্যাচে ১৩তম ওভারে দসুন শনকার শট থেকে চার রান যাতে না হয় তার জন্য ড্রাইভ মারেন সঞ্জু, শিশিবে ভেজা মাটিতে স্যামসনের হাঁটু আটকে যায় এবং অনেকটা ঘাস উঠে আসে মাটি থেকে। যদিও এই বলকে বাউন্ডারি লাইনে যাওয়া থেকে তিনি আটকাতে পারেননি। কিন্তু এই চোটটিই তাঁকে ছিটকে দিল সিরিজের পরবর্তী দুই ম্যাচ থেকে।
মাঝে মধ্যে হাঁটুতে তাঁর অসুবিধা হচ্ছে বোঝা গেলেও ম্যাচের শেষ পর্যন্ত মাঠে ছিলেন স্যামসন। দ্বিতীয় টি ২০ ম্যাচে রাহুল ত্রিপাঠীকে খেলাতে পারে ভারত। গত ম্যাচে সঞ্জু স্যামসন ব্যাট হাতেও প্রত্যাশিত সাফল্য পাননি। চার নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৫ রান যোগ করেন স্কোর বোর্ডে ভারতের রানের সঙ্গে।












Click it and Unblock the Notifications