আরসিবিতে বিরাটদের হেড কোচ হলেন বাঙ্গার, রবি শাস্ত্রী সদলবলে আইপিএলের কোন দলে?
আইপিএলের দ্বিতীয়ার্ধ শুরুর আগেই অগাস্টে নিজের জন্মদিনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সাইমন কাটিচ। ফলে ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস মাইক হেসনকেই কোচের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছিল। কাটিচের ছেড়়ে যাওয়া পদে এবার আরবিসি কর্তৃপক্ষ বেছে নিল ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার তথা প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে।

🔊 ANNOUNCEMENT 🔊
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 9, 2021
Sanjay Bangar, former interim head coach of #TeamIndia and batting consultant for RCB, is all set to #PlayBold as the new head coach of RCB for the next two years.
Congratulations, Coach Sanjay! We wish you all the success.#WeAreChallengers #IPL2022 pic.twitter.com/AoYaKIrp5T
এখনও অবধি একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। এবারের আইপিএলের এলিমিনেটরে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় বিরাট কোহলির দল। বিরাট নিজেও জানিয়ে দিয়েছেন আইপিএলে আর অধিনায়কত্ব করবেন না। ফলে আরসিবিকে নতুন অধিনায়কের সন্ধানেও নামতে হবে। তার আগে বাঙ্গারকে আইপিএলে আগামী দুই মরশুমের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। ক্রিকেট অপারেশনসের ডিরেক্টর পদে কাজ চালিয়ে যাবেন মাইক হেসনই। আরসিবি-র হেড কোচ নিযুক্ত হতে পেরে স্বভাবতই খুশি বাঙ্গার বলেছেন, মেগা নিলাম ও তার পরের রণকৌশল ঠিক করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে, নিলামের স্ট্র্যাটেজি ঠিক কী হবে, সে সব নিয়ে কথাবার্তা চলছে। সবমিলিয়ে শক্তিশালী দল গড়েই ট্রফি জয়ের স্বাদ পেতে চাইছে আরসিবি।

ভারতীয় দলে ২০১৪ সাল থেকে ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন বাঙ্গার। ২০১৯ সালে তাঁর স্থলাভিষিক্ত হন বিক্রম রাঠোর। ২০১৪ সালে বাঙ্গার কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারী কোচ ছিলেন, পরে হেড কোচও হন। ২০১৬ সালের ডিসেম্বর তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারও আগে আইপিএলের কোচি টাস্কার্স কেরালা দলের ব্যাটিং কোচ ছিলেন বাঙ্গার। এবারের আইপিএলে তিনি আরসিবি-র ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন। চলতি বিশ্বকাপে তিনি স্টার স্পোর্টসে ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যের দায়িত্ব পালন করছেন। ভারতের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি একদিনের আন্তর্জাতিক খেলা বাঙ্গার ২০০৮ ও ২০০৯-এর আইপিএলে যথাক্রমে ডেকান চার্জার্স ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন। ২০১৩ সালে অবসর নেওয়ার আগে অবধি তিনি ৩৩টি টি ২০ ম্যাচ খেলেছিলেন।

এদিকে, বাঙ্গার আরসিবি-র কোচ হওয়ায় ভারতের সদ্যপ্রাক্তন কোচ রবি শাস্ত্রীর আমেদাবাদের হেড কোচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল। অনেকেই মনে করছিলেন, বিরাট কোহলির সঙ্গে সুসম্পর্কের কথা ভেবে শাস্ত্রীকে আরসিবি-র কোচ করা হবে। কিন্তু বাঙ্গারের নাম আজ ঘোষণা করে দিয়েছে আরসিবি। সূত্রের খবর, রবি শাস্ত্রী জানিয়েছেন ভারতের দায়িত্ব ছাড়ার পরই আইপিএলের কোচিংয়ের বিষয় নিয়ে চূড়ান্ত নেবেন। তবে আইপিএলের কোচিং করালে ভারতীয় দলের সদ্যপ্রাক্তন বোলিং ও ফিল্ডিং কোচ যথাক্রমে ভরত অরুণ ও আর শ্রীধরকে আইপিএল দলের কোচিং স্টাফেও রাখতে চান শাস্ত্রী। আমেদাবাদের লোভনীয় প্রস্তাব নিয়ে এখন রবি শাস্ত্রী কী সিদ্ধান্ত নেন সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।












Click it and Unblock the Notifications