বহুপ্রতীক্ষিত ভারত-পাক ক্রিকেট ম্যাচ, তার আগেই সোশ্যাল-সন্ন্যাস সানিয়া মির্জার
বহুপ্রতীক্ষিত ভারত-পাক ক্রিকেট ম্যাচ, তার আগেই সোশ্যাল-সন্ন্যাস সানিয়া মির্জার
আর মাত্র ক'টা দিনের অপেক্ষা। ২৪ অক্টোবরই বিশ্বকাপের আসরে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। স্বাভাবিকভাবেই উন্মাদনা, উত্তেজনার পারদ চড়ছে দুই পক্ষে। এরই মাঝে টেনিস তারকা সানিয়া মির্জা জানিয়ে দিলেন, ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যাবেন তিনি।

স্বাধীনতার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্ক আদায় কাচকলায়। তাই কূটনৈতিক সম্পর্কের প্রভাব এসে পড়ে খেলার মাঠেও। এর আগে দ্বিপাক্ষিক সিরিজে দু'টি দল মুখোমুখি হলেও মুম্বই হামলার পর সেসব অতীত। তাই দুই যুযুধান দলের খেলা দেখতে অপেক্ষা করতে হয় আইসিসি টুর্নামেন্টগুলির। ক্রিকেট পঞ্জিকায় বহু আগে থেকেই লাল কালির দিন হিসেবে দাগিয়ে দেওয়া হয় ম্যাচের দিনটিকে। সোশ্যাল মিডিয়ার যুগে দুই দেশের সমর্থকরাই তোপ দাগেন একে অপরের বিরুদ্ধে।
এই আলোচনা, আক্রমণের আঁচ এসে পড়ে সানিয়ার ওপর। কারণ? তিনি ভারতীয় টেনিস তারকা এবং পাক ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী। এক কথায় বলতে গেলে, ভারতের মেয়ে, পাকিস্তানের বৌমা। বহুক্ষেত্রে দেখা গেছে, উগ্র পাক সমর্থকরা হারের কারণ হিসেবে দায়ী করেছেন সানিয়ার উপস্থিতিকে। তাই এবার হাইভোল্টেজ ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সানিয়া।
ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সানিয়া জানালেন, 'ভারত পাকিস্তান ম্যাচের দিন সোশ্যাল মিডিয়ার সমস্ত কূটকাচালি থেকে সরে যাচ্ছি।' নিমেষে ভাইরাল হয় পোস্টটি। কমেন্টে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং লেখেন, ' ভাল পরিকল্পনা'৷
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচসূচী:
২৪অক্টোবর, প্রথম ম্যাচ, বনাম পাকিস্তান, মাঠ- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, দুবাই।
৩১ অক্টোবর, দ্বিতীয় ম্যাচ, বনাম নিউজিল্যান্ড, মাঠ- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই। ৩নভেম্বর তৃতীয় ম্যাচ, বনাম আফগানিস্তান, মাঠ- শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি। ৫ নভেম্বর চতুর্থ ম্যাচ, বনাম বি১, মাঠ- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই। ৮ নভেম্বর পঞ্চম ম্যাচ, বনাম এ২, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, দুবাই।
২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচসূচী
২৯ অক্টোবর প্রথম ম্যাচ, বনাম ভারত, মাঠ- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই। ২৬ অক্টোবর দ্বিতীয় ম্যাচ বনাম নিউজিল্যান্ড, মাঠ- শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজা। ২৯ অক্টোবর তৃতীয় ম্যাচ বনাম আফগানিস্তান, মাঠ- দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই। ২ নভেম্বর চতুর্থ ম্যাচ বনাম এ২, মাঠ- শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি। ৭ নভেম্বর পঞ্চম ম্যাচ বনাম বি১, মাঠ- শারজা ক্রিকেট স্টেডিয়ামে, শারজা।












Click it and Unblock the Notifications