Sanath Jayasuriya: শ্রীলঙ্কার অন্তর্বর্তী হেড কোচ জয়সূর্য, ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই বড় ঘোষণা
Sanath Jayasuriya: চলতি মাসেই ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে। তিনটি করে টি২০ আন্তর্জাতিক ও একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে।
এই সিরিজ থেকেই ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের পথ চলা শুরু হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। গম্ভীরের মতোই বাঁহাতি ওপেনার, শ্রীলঙ্কার প্রাক্তনী সনৎ জয়সূর্যরও নয়া ইনিংস শুরু হচ্ছে এই সিরিজেই।

টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ক্রিস সিলভারউড শ্রীলঙ্কার হেড কোচের পদ ছেড়েছেন। আপাতত দলের সেই দায়িত্ব শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের হাতে তুলে দেওয়া হলো। ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজের পাশাপাশি ইংল্যান্ড সফরেও হেড কোচের দায়িত্ব সামলাবেন জয়সূর্য।
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার টি২০ সিরিজ শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে। ২৭, ২৮ ও ৩০ জুলাই ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজের খেলাগুলি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু। অগাস্টের ২, ৪ ও ৭ তারিখ রয়েছে একদিনের আন্তর্জাতিক সিরিজের খেলাগুলি, ভারতীয় সময় বেলা আড়াইটে থেকে তা শুরু হবে।
এরপর শ্রীলঙ্কা যাবে ইংল্যান্ড সফরে। টেস্ট সিরিজ চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। জয়সূর্য এর আগে দেশের কোচ না হলেও শ্রীলঙ্কার পুরুষ দলের প্রধান নির্বাচক ছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেটের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব সামলানোর ফাঁকেই পেলেন অন্তর্বর্তী হেড কোচের দায়িত্ব।
সিলভারউডের পদত্যাগের পর শ্রীলঙ্কা ক্রিকেটের চিফ এগজিকিউটিভ অ্যাশলে ডি সিলভা বলেছিলেন, কোচের পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে। দেশীয় কোচ নিয়োগের পরিকল্পনারও আভাস দিয়েছিলেন তিনি। সিলভা এবার বললেন, আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা দিয়ে জয়সূর্য শ্রীলঙ্কা দলকে আপাতত গাইড করবেন, যতদিন না অবধি স্থায়ী কোচ নিয়োগ হয়।
দুর্নীতি দমনে অসহযোগিতার জন্য আইসিসি জয়সূর্যকে ২ বছরের জন্য নির্বাসিত করেছিল। সেই ব্যান ওঠার পর এবারের টি২০ বিশ্বকাপে জয়সূর্য শ্রীলঙ্কা দলের সঙ্গে ছিলেন পরামর্শদাতা হিসেবে। নির্বাচক প্রধান থাকাকালীন তাঁর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও উঠেছিল।
যদিও বিশ্বকাপ জেতানোয় অবদান রাখা থেকে শুরু করে শ্রীলঙ্কার ক্রিকেটের কিংবদন্তিদের মধ্যে একজন হয়ে উঠেছেন জয়সূর্য। সাদা বলের ক্রিকেটে তাঁর আগ্রাসী ব্যাটিং মন জয় করেছে ভক্তদের। একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের মধ্যে তিনি রয়েছেন পাঁচে। ১৩,৪৩০ রান করেছেন। বল হাতে ৩২৩টি উইকেট নেওয়ায় ওডিআইয়ে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনি আছেন ১২ নম্বরে। ১১০টি টেস্ট ও ৩১টি টি২০ আন্তর্জাতিকেও খেলেছেন। অন্তর্বর্তী হেড কোচ হিসেবে ইনিংসের শুরুতে চমক দেখাতে পারলে তিনি স্থায়ী কোচও হয়ে যেতে পারেন।












Click it and Unblock the Notifications