IPL Auction 2024: আইপিএল নিলামের আগে নজর কাড়লেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তারকারা, আছেন কেকেআরের প্রাক্তনীও
IPL Auction 2024: আইপিএলের নিলাম ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায়। আগামী রবিবার নিলাম শুরু ভারতীয় সময় বিকেল তিনটে থেকে।
তার আগে আইপিএলে নাম লেখানো ক্রিকেটাররাও মুখিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির নজর কাড়তে। ব্যতিক্রম হলো না ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি২০ আন্তর্জাতিক।

ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে প্রথম তিনটি টি২০ আন্তর্জাতিক জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে গ্রস আইলেটে গতকাল জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। ফলে শেষ ম্যাচে নামার আগে ইংল্যান্ড এগিয়ে ৩-১ ব্যবধানে।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং নিয়েছিল। ইংল্যান্ড ২০ ওভারে তোলে ৫ উইকেটে ২১৮। ফিল সল্ট এই সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১০৩ করেছিলেন। এরপর দুটি ম্যাচে বিশেষ সুবিধা করতে পারেননি। শূন্য ও চার রানে আউট হয়েছিলেন।
তবে চতুর্থ টি২০ আন্তর্জাতিকে ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন কেকেআরে ব্রাত্য সল্ট। ৩৫ বলে খেললেন ৫৫ রানের ইনিংল। জ্যাকব বেঠেলও চলতি সিরিজে দ্বিতীয় অর্ধশতরান পেলেন। প্রথম ম্যাচে অপরাজিত ৫৮ করার পর গতকাল করলেন ৩২ বলে অপরাজিত ৬২।
জস বাটলার ২৩ বলে ৩৮, উইল জ্যাকস ১২ বলে ২৫, স্যাম কারান ১৩ বলে ২৪ রান করেন। গুডাকেশ মোতি ৪০ রান দিয়ে ২টি, রস্টন চেজ ও আলজারি জোসেফ একটি করে উইকেট নেন। জবাবে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে ম্য়াচ জিতে যায়।
ওপেনার এভিন লুইস ৩১ বলে সর্বাধিক ৬৮ রান করলেন। অপর ওপেনার শেই হোপ করলেন ২৪ বলে ৫৪। নিকোলাস পুরাণ অবশ্য শূন্য রানে আউট হন। পুরাণকে সবচেয়ে বেশি দর দিয়ে রেখে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস, অধিনায়কও করা হতে পারে।
ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল ২৩ বলে ৩৮, শেরফান রাদারফোর্ড ১৭ বলে অপরাজিত ২৯ ও চেজ ৮ বলে অপরাজিত ৯ রান করেন। শিমরন হেটমায়ার রয়েছেন আইপিএল রিটেনশন তালিকায়। তিনি এ ম্যাচে ৭ রানের বেশি করতে পারেননি। ৪৩ রানের বিনিময়ে রেহান আহমেদ নেন তিন উইকেট। একটি উইকেট জন টার্নারের।












Click it and Unblock the Notifications