সচিন-কন্যা সারার স্নাতকোত্তর ডিগ্রি লাভ ডিসটিংশন-সহ, খুশিতে ডগমগ তেন্ডুলকর পরিবার
Sara Tendulkar: সচিন তেন্ডুলকরের কন্যা সারা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলেন। ইউসিএল- লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন সৌরভ-কন্যা সানাও।
সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন সচিনের স্ত্রী অঞ্জলি। মা পেশায় চিকিৎসক। সচিনের কন্যা ডিসটিংশন পেয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করলেন ক্লিনিক্যাল ও পাবলিক হেল্থ নিউট্রিশন নিয়ে।

সচিন সোশ্যাল মিডিয়ায় অঞ্জলির সঙ্গে সারার ছবি শেয়ার করে লিখেছেন, "দারুণ সুন্দর একটি দিন। আমাদের কন্যা ইউসিএলের মেডিসিন ডিপার্টমেন্ট থেকে ক্লিনিক্যাল ও পাবলিক হেল্থ নিউট্রিশনে ডিসটিংশন-সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছে।"
সচিন আরও লিখেছেন, "এই জায়গায় পৌঁছতে যে পরিশ্রম তুমি করেছো তাতে অভিভাবক হিসেবে আমরা গর্বিত। এটা সহজ ছিল না। আমরা নিশ্চিত তুমি তোমার সব স্বপ্নকে ভবিষ্যতে সত্যি করে তুলবে।" সারার নামোল্লেখ করে সচিন অসংখ্য ভালোবাসা প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ঢের 'সারা' প্যার।
অর্জুন তেন্ডুলকর যখন রঞ্জি ট্রফি খেলছিলেন তখন সারা ও অঞ্জলিকে নিয়ে সচিন গিয়েছিলেন জম্মু ও কাশ্মীর সফরে। আইপিএলে অর্জুন ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে, সচিনও ছিলেন আইপিএলের দলের সঙ্গে। সেই সময় কন্যা সারাকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন অঞ্জলি।
সম্প্রতি লোকসভা নির্বাচনে সচিন ও অর্জুনকে ভোট দিতে দেখা গিয়েছিল। যদিও দেখা যায়নি অঞ্জলি ও সারাকে। তখনই জানা গিয়েছিল, কন্যাকে নিয়ে অঞ্জলি লন্ডনে গিয়েছেন। আজ সচিনের পোস্টে জানা গেল কী কারণে অঞ্জলি ও সারা লন্ডনে গিয়েছিলেন। সচিনের পোস্ট দেখে সারাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।
উল্লেখ্য, সাহারা কাপ জেতার সঙ্গে তার সঙ্গে মিলিয়ে কন্যার নাম সারা রেখেছিলেন সচিন। ১৯৯৭ সালের ১২ অক্টোবর মুম্বইয়ে জন্ম সারার। মুম্বইয়ের ধীরুভাই ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন সারা। এরপর তিনি ভর্তি হন ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনে মেডিসিন নিয়ে উচ্চশিক্ষা লাভ করতে।
অঞ্জলি পেডিয়াট্রিসিয়ান। ফলে মাকে দেখেই সারা মেডিসিনে আকৃষ্ট হন বলে জানা যায়। উচ্চশিক্ষা লাভের পাশাপাশি সারা পা রেখেছেন মডেলিংয়ের জগতেও। সোশ্যাল মিডিয়াতেও তাঁর প্রচুর ফ্যান-ফলোয়ার। সম্প্রতি একটি পোশাক প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ডের মুখ হয়েছেন সারা।












Click it and Unblock the Notifications