Sachin Tendulkar: সচিন ফিরছেন ক্রিকেট মাঠে, ৬ দেশের প্রাক্তনীদের নিয়ে ধুন্ধুমার লড়াই এ বছরই
Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরের ভক্তদের জন্য বিরাট সুখবর। সচিন মাঠে নামবেন ব্য়াট হাতে। গ্যালারিতে শোনা যাবে চেনা সচিন-সচিন গর্জন।
চলতি বছরেই শুরু হতে চলেছে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ। তাতেই ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে মাস্টার ব্লাস্টার্সকে। পিএমজি স্পোর্টস ও স্পোর্টফাইভের যৌথ উদ্যোগে হবে এই টুর্নামেন্ট।

সচিন ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁকে প্রাক্তনীদের টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। তবে এবার একই মেজাজের অন্য একটি টি২০ টুর্নামেন্টে খেলবেন সচিন। প্রাক্তনীদের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬টি দেশ।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ বা আইএমএল শুরু হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে। অবসর নেওয়া তারকাদের অনেককেই এই টুর্নামেন্টে দেখা যাবে। লিগের কমিশনার হয়েছেন সুনীল গাভাসকর।
মুম্বই, রায়পুর ও লখনউয়ে লিগের খেলাগুলি হবে বলে স্থির হয়েছে। সচিন বলেছেন, শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়ে চলেছে। গত ১০ বছরে টি২০ ক্রিকেট অনেকটাই বিকশিত হয়ে আরও বেশি ক্রিকেটপ্রেমীদের এই খেলার প্রতি আকৃষ্ট করেছে। ক্রিকেটের নতুন ফরম্যাটে ক্রিকেটারদের নানা চিরাচরিত দ্বৈরথ দেখতে মুখিয়ে অনেকেই।
সচিনের কথায়, ক্রীড়াবিদরা মন থেকে কখনও অবসর নেন না। সব সময়ই মাঠে নেমে প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা আগ্রহী থাকেন। এই টুর্নামেন্ট যেমন সেই সব ক্রিকেটারদের একত্রিত করবে, তেমনই সমর্থকদেরও এককাট্টা করবে। সমস্ত ক্রিকেটারই রীতিমতো প্রস্তুতি নিয়ে এই টুর্নামেন্ট খেলবেন বলে আশাবাদী সচিন। দেশের হয়ে খেলার সময় যেমন সকলে সেরাটা দিয়ে জেতার লক্ষ্যে নামতেন, এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।












Click it and Unblock the Notifications