Sachin's Bowling At Eden: ইডেনে সফল বোলার সচিন! ২০০১-এ অস্ট্রেলিয়া-বধেও অবদান রেখেছিলেন, দেখুন ভিডিও
Sachin's Bowling At Eden: ইডেন গার্ডেন্স সাক্ষী থেকেছে বোলার হিসেবে সচিন তেন্ডুলকরের সাফল্যের। তা সে হিরো কাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওভারে বল হাতে ম্যাচ জেতানো। কিংবা ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট।
স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিজয়রথের চাকা আটকে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ক্রিকেটের নন্দনকাননে। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের মহাকাব্যিক জুটি, হরভজন সিংয়ের হ্যাটট্রিকে কিছুটা আড়ালে থাকলেও ভোলার নয় সচিনের অবদান।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল। ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ১৭১ রানে। লক্ষ্মণ সর্বাধিক ৫৯ করেছিলেন। সচিন ১০ রান করে গ্লেন ম্যাকগ্রার বলে লেগ বিফোর হন। এরপর ভারতকে ফলো অন করায় অস্ট্রেলিয়া। লক্ষ্মণের ২৮১ ও দ্রাবিড়ের ১৮০ রানে ভর করে ভারত ৭ উইকেটে ৬৫৭ তুলে ডিক্লেয়ার করে।
অনেকেই ভেবেছিলেন ভারত বুঝি ডিক্লেয়ার করতে কিছুটা দেরি করে ফেলল। কিন্তু প্রথম ইনিংসে হ্যাটট্রিক-সহ সাত উইকেট নেওয়া হরভজন সিং দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসেও সচিন দশ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে তাঁর উইকেটটি তুলে নিয়েছিলেন জেসন গিলেসপি।

সেই সিরিজের সময়ই সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে হরভজন বলেছিলেন, এই অস্ট্রেলিয়াকে নিয়ে কী করা যায়! টপ বা মিডল অর্ডারের ব্যাটারদের ফেরানোর পরও ম্যাচ বের করে নিয়ে যান অ্যাডাম গিলক্রিস্ট। সৌরভ অভয় দিয়ে বলেছিলেন, গিলিকেও আউট করা সম্ভব। ইডেন টেস্টে গিলিকে প্রথম ইনিংসে ফেরান হরভজন, প্রথম বলেই।
দ্বিতীয় ইনিংসেও গিলক্রিস্ট প্রথম বলেই সাজঘরে ফেরেন। এবার উইকেটটি তুলে নিয়েছিলেন সচিন তেন্ডুলকর। অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ৩৮৪ রানের। ৪৬তম ওভারে রিকি পন্টিং দলের ১৬৬ রানের মাথায় আউট হন হরভজনের বলে। পরের ওভারটি করতে গিয়ে তৃতীয় বলেই গিলিকে লেগ বিফোর করেন সচিন।
14th March 2001
— Rangu :) (@ranga_swamy) March 14, 2019
Kolkata , Eden Garden stadium
Historic test win
Memorable batting by Dravid and Lakshman
Unsung hero of the match
1 over 3 wickets pic.twitter.com/DbKgilKp41
এরপর ৪৯তম ওভারে ফের অজি ইনিংসে আঘাত হানেন সচিন। উইকেট আঁকড়ে পড়ে থেকে সর্বাধিক ৬৭ রান করা ম্যাথু হেডেনকেও লেগ বিফোরের মাধ্যমে প্যাভিলিয়নে ফেরান মাস্টার ব্লাস্টার। ১৬৭ রানে ষষ্ঠ, ১৭৩ রানে সপ্তম ও ১৭৪ রানে অষ্টম উইকেট হারায় অজিরা। গিলি, হেডেনের পর আউট করেন শেন ওয়ার্নকে।
বল হাতে পরপর তিন ওভারে তিনটি উইকেট! শেন ওয়ার্ন ০ রান করে লেগ বিফোর। এরপর জেসন গিলেসপি ও গ্লেন ম্যাকগ্রার উইকেট তুলে নিয়েছিলেন ভাজ্জি। ফলে ব্যাট হাতে সফল না হলেও বল হাতে ম্যাজিক দেখিয়েছিলেন সচিন। যে অবদান গেঁথে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে।












Click it and Unblock the Notifications