সচিন থেকে বিরাট, বাইশ গজের বাইরে শখে কী কী করতে পছন্দ করেন রথী-মহারথীরা
সচিন থেকে বিরাট, বাইশ গজের বাইরে শখ মেটাতে কী করেন রথী-মহারথীরা
হে়ডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ব্যাড প্যাচ কাটিয়েও সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান আগে থামতে হয়েছে চেতেশ্বর পূজারাকে। ব্যাট হাতে লড়াই করেও অর্ধশতরান করে সাজঘরে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিছে ব্রিটিশরা। ফলে শেষ দুটি ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রীড়া প্রেমীরা। সেই আবহে জেনে নিন বাইশ গজের বাইরে শখ মেটাতে কী কী করেন দেশের ক্রিকেটাররা।

সচিন তেন্ডুলকর
ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে প্রায় সব ধরনের রেকর্ড (টি২০ ছাড়া)। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান, সর্বাধিক সেঞ্চুরির মালিক মাস্টার ব্লাস্টার বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান করেছিলেন। সেই কিংবদন্তি ক্রিকেটের বাইরে অধিকাংশ ক্ষেত্রে সময় কাটাতে ভালোবাসেন পরিবার ও বন্ধুদের সঙ্গে। আদ্যন্ত মাটির মানুষ সচিন ভালোবাসেন টেবিল টেনিস সহ বিবিধ ইন্ডোর গেমস খেলতে। বই পড়া, সাঁতার, ভিডিও গেমস খেলা এবং গান শোনাও সচিনের শখের তালিকায় জায়গা পায়।

এমএস ধোনি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এক বছর আগে। তবু এমএস ধোনির রেখে যাওয়া কীর্তি বিশ্ব ক্রিকেটে ভারতীয় দলকে অন্য মর্যাদা দান করে। জাতীয় দলের জার্সি সরিয়ে রাখলেও চেন্নাই সুপার কিংসের হয়ে চুটিয়ে আইপিএল খেলে চলেছেন ধোনি। চলতি বছরের টুর্নামেন্টেও সিএসকে-র ব্যাটিং বিভাগের অন্যতম আশা হতে চলা এমএস সম্প্রতি অর্গানিক ফার্মিংয়ে মনোনিবেশ করেছেন। তাঁর রাঁচির ফার্ম হাউসে রয়েছে বিরাট বড় বাগান। গাছের পরিচর্যা নিজের হাতে করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। মাহির বাড়ির গ্যারেজে রয়েছে নানা সংস্থার নামীদামী বাইক। সেগুলি নিয়ে মাঝেসাঝেই শহর ভ্রমণে বেরিয়ে পড়েন ক্যাপ্টেন। সম্প্রতি ভিডিও গেমের নেশাতেও মেতেছেন ধোনি।

বিরাট কোহলি
কিংবদন্তি এমএস ধোনির পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলা বিরাট কোহলি ভারতীয় দলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। ব্যাটিংয়ে এ প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটারের নেতৃত্বে টেস্টে বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে ভারতের উত্থান বেশ চমকপ্রদ। সম্প্রতি ব্যাড প্যাচে ভোগা বিরাট, ক্রিকেটের বাইরে জিমে গা ঘামাতে পছন্দ করেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন ভারত অধিনায়ক। ফাঁকা সময়ে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো বিরাট কোহলির অন্য এক দিক।

রোহিত শর্মা
সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান হয়ে ওঠা রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পাঁচ বার আইপিএল জেতা এই ক্রিকেটার নেতা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। ওয়ান ডে ক্রিকেটে তিন বার দ্বিশতরান করা রোহিত, ক্রিকেটের বাইরে পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাতে ভালোবাসেন। স্ত্রী রিতিকা ও কন্যা সামাইরা তাঁর ভালো থাকার অক্সিজেন। ভাল সিনেমা দেখা, গান শোনা এবং যেখানে খুশি বেরিয়ে পড়াটাও রোহিতর নেশার মধ্যেই পড়ে।












Click it and Unblock the Notifications