শেন ওয়ার্নের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, মন ছুঁয়ে গেল বন্ধু-হারানো বিমর্ষ সচিনের আবেগঘন পোস্ট
শেন ওয়ার্ন গত বছর আজকের দিনেই তাইল্যান্ডে মাত্র ৫২ বছর বয়সে প্রয়াত হন। প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট সচিন তেন্ডুলকরের।
দেখতে দেখতে কেটে গেল একটা বছর। তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে আজকের দিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। প্রথম মৃত্যুবার্ষিকীতে ওয়ার্নকে নিয়ে স্মৃতিচারণায় সামিল হয়েছেন তাঁর সতীর্থ থেকে বর্তমান ক্রিকেটার ও গুণমুগ্ধরা। ক্রিকেটপ্রেমীদের মন ছুঁয়ে গেল সচিন তেন্ডুলকরের আবেগঘন পোস্ট।

ওয়ার্নকে নিয়ে স্মৃতিমেদুর সচিন
টেস্ট ক্রিকেটে এখনও বিশ্বের দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী শেন ওয়ার্ন। তাঁর টেস্ট ক্রিকেটে ৭০৮টি উইকেট রয়েছে। ওয়ার্ন রয়েছেন মুথাইয়া মুরলীধরনের (৮০০ টেস্ট উইকেট) পরেই। সচিন এর আগে একবার বলেছিলেন, ওয়ার্নকে খেলা সব সমই চ্যালেঞ্জিং ছিল। যদি কোনও দিন তাঁর খারাপ যেত, তবুও শেষ ওভার বল করতে গিয়ে কিছু করে দেখানোর ক্ষমতা ছিল তাঁর। কোনও ব্যাটারকে কখনও শান্তিতে থাকতে দেননি ওয়ার্ন। ক্রিকেট জীবন থেকে অবসরের পরও সচিন ও ওয়ার্ন প্রদর্শনী ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। তাঁদের দ্বৈরথের দিকে তাকিয়ে থাকতেন ভক্তরা। যা আজও সকলের মনের মণিকোঠায় রয়েছে।
|
মিস করছেন
সচিন-ওয়ার্ন দ্বৈরথ তারিয়ে উপভোগ করেছেন বিশ্বের তামাম ক্রিকেট অনুরাগীরা। শারজার মরুঝড়কে তো এই সেদিনের কথা মনে হয়। সচিনের বিধ্বংসী ব্যাটিং ওয়ার্নকে তাড়া করেছে ঘুমের মধ্যেও। সচিন আজ টুইটারে ওয়ার্নের সঙ্গে তাঁর ছবি পোস্ট করে লেখেন, "মাঠে যেমন আমরা অনেক স্মরণীয় লড়াই করেছি, তেমনই মাঠের বাইরেও সমানভাবে কাটিয়েছি অনেক স্মরণীয় মুহূর্ত। আমি তোমাকে যে গ্রেট ক্রিকেটার হিসেবেই মিস করি তা নয়, একজন বন্ধু হিসেবেও মিস করি। আমি নিশ্চিত তুমি তোমার নানা মজাদার কথাবার্তা ও ক্যারিশমায় স্বর্গকেও আরও মনোরম করে তুলেছো, ওয়ার্নি!"

বর্ণময় কেরিয়ার
অস্ট্রেলিয়াকে ১৯৯৯ সালের বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওয়ার্নের। অস্ট্রেলিয়া দলের হয়ে পাঁচবার অ্যাশেজ জিতেছেন। ১৯৯২ সালে সিডনিতে ভারতের বিরুদ্ধেই তাঁর টেস্ট অভিষেক হয়। ১৯৯৩ সালে তাঁর হাত দিয়ে বেরিয়েছিল শতাব্দীর সেরা বল। একদিনের আন্তর্জাতিকে তাঁর ২৯৩টি উইকেট রয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে ৩০০-র বেশি ম্যাচ খেলেছেন। অ্যাশেজ সিরিজেও তিনি সর্বাধিক উইকেটের মালিক। ১৯৯২ থেকে ২০০৭ অবধি ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে ওয়ার্ন উইজডেনের বিচারে সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা করে নিয়েছিলেন।
|
শ্রদ্ধা নিবেদন রাজস্থান রয়্যালসের
শেন ওয়ার্নের অধিনায়কত্বে রাজস্থান রয়্যালস প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। রাজস্থান রয়্যালসে কোচের ভূমিকা পালন করেছিলেন। ধারাভাষ্য দিতে গিয়েও সুনাম কুড়িয়েছেন। যদিও মাত্র ৫২ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। গত বছর আইপিএলের আগেই। আইপিএল খেতাব জিতে ওয়ার্নকে তা উৎসর্গ করতে চেয়েছিলেন সঞ্জু স্যামসনরা। যদিও ফাইনালে রাজস্থান রয়্যালস হেরে যায়। আজ ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে শেন ওয়ার্নের প্রতি শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচারে ওয়ার্নের ছবি রেখেছে রাজস্থান রয়্যালস।












Click it and Unblock the Notifications