সচিন থেকে জয় শাহ মুগ্ধ রাজস্থানের কৃষক-কন্যার ব্যাটিং দেখে! ভাইরাল ভিডিও
রাজস্থানের বাড়মের জেলার গ্রামের এক পঞ্চদশীর ব্যাটিং দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর। প্রশংসা করলেন বোর্ড সচিব জয় শাহ। জানুন বিস্তারিত।
মহিলাদের প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের নিলাম গতকালই হয়েছে মুম্বইয়ে। ৮৭ জন ক্রিকেটার পাঁচটি দলে খেলার সুযোগ পেয়েছেন, যাঁদের মধ্যে ৫৭ জন ভারতীয়। ভারতীয় ক্রিকেট দলের তারকারা যেমন রয়েছেন, তেমনই ঘরোয়া ক্রিকেটে খেলা অনেকেই বড় আসরে নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছেন। তার পরদিনই ভাইরাল ভিডিও দেখে নিজেদের মুগ্ধতা প্রকাশ করলেন সচিন তেন্ডুলকর ও জয় শাহ।

মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত সচিন
অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরা শেফালি ভার্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকে উৎসাহিত করেছিলেন মাস্টার ব্লাস্টার। সেখানে জয় শাহও ছিলেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ভারত তথা বিশ্বের মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে কতটা সহায়ক হবে, ভারতে মহিলা ক্রিকেটের বিকাশ কীভাবে হবে এবং যুব বিশ্বকাপ জয় কীভাবে অল্প বয়সের মেয়েদের ক্রিকেটের প্রতি আকৃষ্ট করবে সেই কথা উঠে এসেছিল সচিন তেন্ডুলকরের কথায়।
|
ভাইরাল ভিডিও শেয়ার মাস্টার ব্লাস্টারের
এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যাতে দেখা যাচ্ছে রাজস্থানের কোনও গ্রামে বালির মধ্যেই ক্রিকেট খেলা চলছে। সেখানে এক কিশোরী একের পর এক আক্রমণাত্মক শট খেলে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য দেখে কেউ লিখেছেন, এ তো সূর্যকুমার যাদবের মতো বড় বড় শট মারছেন! এই ভিডিওটি শেয়ার করে আজ সচিন তেন্ডুলকর লিখেছেন, গতকালই নিলাম হলো, আর আজই ম্যাচ শুরু? এমন ব্যাটিং খুবই উপভোগ করছি।
|
মুগ্ধ জয় শাহ
বিসিসিআই সচিব জয় শাহ একই ভিডিও শেয়ার করে লিখেছেন, এই কিশোরীর ক্রিকেটীয় দক্ষতা ও প্যাশন দেখে অভিভূত। ভেবে ভালো লাগছে মেয়েদের ক্রিকেট সঠিক দিশাতেই এগিয়ে চলেছে। উঠতি প্রতিভাদের তুলে এনে তাঁদের ক্রিকেটীয় দক্ষতার বিকাশে সকলে মিলে একসঙ্গে কাজ করার ডাকও দিয়েছেন জয় শাহ। কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী তথা বাড়মের-জয়সালমেড়ের সাংসদ কৈলাস চৌধুরী এবং বিজেপি ও কংগ্রেসের অনেক জনপ্রতিনিধিও এই ভিডিও শেয়ার করেছেন।
|
বাড়মেরের কৃষক-কন্যা
রাজস্থানের বাড়মের জেলার কানাসর গ্রামের বাসিন্দা বছর ১৫-র এই মেয়েটির ক্রিকেট খেলার ভিডিও ভাইরাল হয়েছে। নাম মুমুল মেহর। সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করে অনেকেই বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের কাছে মুমলের ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা প্রার্থনা করা হয়েছে। মুমল ক্লাস এইটের ছাত্রী। ব্যাটিংয়ের সঙ্গে ভালো বোলিংও করতে পারেন। জেলা স্তরে ক্রিকেট খেলতে গিয়ে তাঁর চেয়ে বড়দেরও খেলার সময় সমস্যায় ফেলেছেন মুমল। মুমলের খুড়তুতো বোন যোধপুরে ক্রিকেট প্রশিক্ষণ নেন। কিন্তু মুমলের পিতা কৃষক। মেয়েকে কোনও আকাদেমিতে ভর্তি করাতে পারেননি। তবে তাঁর আশা, এবার হয়তো কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।












Click it and Unblock the Notifications